গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতির দাবি
বাংলাদেশের সংবিধান উপেক্ষা করে ক্রমাগতভাবে ক্ষমতা কেন্দ্রীভূত হওয়ার কারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। এতে করে যেমন উন্নয়ন-প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে স্বশাসিত স্থানীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠিতও হচ্ছে না। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অঙ্গীকার বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। স্বশাসিত স্থানীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতি প্রণয়ন’-এর দাবিতে এ কর্মসূচি পালিত হয়।অঙ্গীকার বাংলাদেশের পরিচালকমণ্ডলীর সদস্য আইনজীবী মইনুদ্দিন আহমদ জালালের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন: উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, অধ্যাপক শামসুল আলম প্রমুখ।