আইসিডিডিআরবির বৈজ্ঞানিক সম্মেলন শুরু
গণতান্ত্রিক ব্যবস্থা ও সংহতি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারে
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, স্বাস্থ্যসেবা-ব্যবস্থাকে গণতান্ত্রিক করা গেলে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা যায়। ভারতের পাবলিক হেলথ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক শ্রীনাথ রেড্ডি বলেছেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মৌলিক বিষয় হচ্ছে সংহতি। মানুষে মানুষে সংহতি জোরদার হলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব।বাংলাদেশ ও ভারতের এই দুই বিশিষ্ট ব্যক্তি গতকাল সোমবার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ১৩তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজধানীর একটি অভিজাত হোটেলে চার দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।রেহমান সোবহান বলেন, স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব রাষ্ট্রের। তিনি বলেন, রাষ্ট্রীয় সেবার স্বচ্ছতা দরকার। এ ক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতা থাকার ব্যাপারে তিনি গুরুত্ব আরোপ করেন।আইসিডিডিআরবির এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা করতে বিজ্ঞানের ভূমিকা (সায়েন্স টু এক্সিলারেট ইউনিভার্সাল হেলথ কাভারেজ)। স্বাগত বক্তব্যে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক আলেহান্দ্রো ক্রেভিওটো জানান, এই সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ৮০০ চিকিৎসক ও বিজ্ঞানী অংশ নিয়েছেন।মূল বক্তব্যে শ্রীনাথ রেড্ডি বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল নীতি হচ্ছে এর একটি সার্বজনীনতা থাকবে। কোনো কর্মসূচি গ্রহণ করলে তার আওতায় ধনী-দরিদ্র সবাইকে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, কোনো কর্মসূচি শুধু দরিদ্রদের জন্য গ্রহণ করলে নানা কারণে তা দুর্বল হয়ে পড়ে।সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ নিয়েছে, সেসব অভিজ্ঞতা তুলে ধরা হবে। বাংলাদেশের মতো দেশগুলো সেসব অভিজ্ঞতা কীভাবে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাবে, তারও পথ খোঁজা হবে।শ্রীনাথ রেড্ডি বলেন, ন্যায়পরায়ণতা, সমন্বিত সেবা, আর্থিক নিরাপত্তা, সেবার মান, রোগীর অধিকার, স্বচ্ছতা—এসব বিষয় সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার মূল নীতির মধ্যে পড়ে। তিনি বলেন, জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আল মা আটা ঘোষণা এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা একই সূত্রে গাঁথা। তবে বর্তমান সময়ে এ ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকার ওপর নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে।অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির বলেন, স্বাস্থ্যসেবার আওতা কীভাবে আরও বাড়ানো যায়, কীভাবে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো যায়, সেই চেষ্টা সরকার করছে।অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মুজিবর রহমান ফকির এই বার্ষিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।