গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যায়িত করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে বিপন্ন করা হয়েছে। ক্ষমতাসীন দল ও জোটের মধ্যে ক্ষমতার ভাগ-বাঁটোয়ারার ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার দলের স্থায়ী কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর কীভাবে নির্বাচন জনগণের অংশগ্রহণমূলক হয়, প্রশ্ন তোলেন কামাল হোসেন। তিনি বলেন, দেশের মানুষ এ নির্বাচনকে গ্রহণ করেনি। খোদ সরকারি মহল এ নির্বাচনকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন বলে আখ্যায়িত করেছিল। এখন সরকারের উচিত সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি জাতীয় সংলাপের আয়োজন করা।
সভায় আরও বক্তব্য দেন মোস্তফা মহসীন মন্টু, মফিজুল ইসলাম খান, সুব্রত চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।