গণতান্ত্রিক ব্যবস্থায় বিতর্ক আবশ্যিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্ক একটি শিল্প। জীবনের নানা দিক সম্পর্কে জানার সুযোগ করে দেয় বিতর্ক। বিতর্কের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মননশীলতার চর্চা হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় বিতর্ক আবশ্যিক। গতকাল শনিবার ‘জেডিসি প্রি-ওয়ার্ল্ডস-২০১৫’ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অতিথিরা এভাবেই তুলে ধরলেন বিতর্কের প্রয়োজনীয়তা।

রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার গতকাল ছিল শেষ দিন। বাংলাদেশে স্কুল পর্যায়ের সবচেয়ে বড় ইংরেজি বিতর্কের এ আসরটি আয়োজন করে যোসেফাইট ডিবেটিং ক্লাব (জেডিসি) ও বাংলাদেশ ডিবেটিং কাউন্সিল। আয়োজনে সহায়তা দেয় প্রথম আলো, অ্যাকুয়াফিনা, কুরকুরে, কনফিডেন্স গ্রুপ, ড্যানকেক, লেকশোর, সজীব গ্রুপ ও নেভিগেটরস। পৃষ্ঠপোষকতা দিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

‘শব্দই পারে পৃথিবীকে বদলাতে’ প্রতিপাদ্য সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিন দিনের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুলের ৬৪টি দল ছাড়াও নেপাল থেকে আসা একটি দল অংশ নেয়। অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১৯২ জন। তাদের মধ্যে থেকে সেরা ৩০ বিতার্কিক বাছাই করা হয়েছে। এদের নিয়ে আয়োজন করা হবে জাতীয় ক্যাম্প। ক্যাম্পের সেরা পাঁচ বিতার্কিক আগামী বছরের জানুয়ারিতে জার্মানির স্টুটগার্টে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, যুক্তি-তর্কের মাধ্যমে বিতার্কিকদের সামাজিক দায়িত্ববোধের বিকাশ ঘটে। জয়-পরাজয় দুটোই হাসিমুখে মেনে নেওয়া শেখায়।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ভাইস চ্যান্সেলর চার্লস সি. ভিলানুয়েভা ইংরেজি ভাষায় এমন একটি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সংহত করতে ইংরেজি বিতর্ক চর্চার ওপর জোর দেন সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ ব্রাদার মঞ্জয় ত্রিপুরা।

অনুষ্ঠানে জেডিসির চিফ মডারেটর নেওয়াজুল কবির, বাংলাদেশ ডিবেটিং কাউন্সিলের ভাইস চেয়ার তৌসিফ আমিন খান ও পরিচালনা পর্ষদের প্রতিনিধি তানভির হারুন শুভেচ্ছা বক্তব্য দেন। জেডিসি ক্লাবের সভাপতি তানভীর আহমেদ তিন দিনের প্রতিযোগিতার সারসংক্ষেপ তুলে ধরেন। চূড়ান্ত পর্বে সানিডেল স্কুলকে হারিয়ে বিজয়ী হয় অ্যাকাডেমিয়া স্কুল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় অদ্রি, আবরার ও সৃজন। ‘নোভিস’ শ্রেণিতে বিজয়ী হয় আগা খান স্কুল।