সংক্ষিপ্ত সফরে গতকাল সোমবার ঢাকা ঘুরে গেলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জন কেরির সফর নিয়ে গতকাল ওয়াশিংটনে সাংবাদিকদের ব্রিফ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র মার্ক টোনার। এর সংক্ষিপ্তসার প্রকাশ করা হয় পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক: পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকায় সাক্ষাৎকালে গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তাসহ দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জন কেরি বিশেষ গুরুত্ব দেন বৈশ্বিক সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলার বিষয়ে। কারণ, উভয় দেশকেই এটির মোকাবিলা করতে হচ্ছে। সেই সঙ্গে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি বাংলাদেশের ব্যাপক উন্নয়ন-প্রক্রিয়া, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণের মধ্য দিয়ে বৈশ্বিক সংকটের সমাধান এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অঙ্গীকারের প্রশংসা করেন।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জন কেরি। রাজনৈতিক স্থিতিশীলতা ও বহুদলীয় গণতন্ত্রের অন্যতম শর্ত বহুদলীয় শাসনব্যবস্থার জন্য শান্তিপূর্ণ বিরোধী দলের অবস্থানের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। এ সময় হুমকিগুলো মোকাবিলায় বাংলাদেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার বিষয়েও গুরুত্ব দেন জন কেরি।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ: জন কেরি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন। তাঁরা আন্তর্জাতিক শান্তিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা, জলবায়ুর পরিবর্তনসহ বৈশ্বিক নানা বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী এবং উদার সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন। জন কেরি বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতির বিষয়গুলো তুলে ধরেন। এ ছাড়া তিনি গুলশান হামলায় নিহত ব্যক্তিদের স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান।