গণতান্ত্রিক যুব ফোরামকে সমাবেশ করতে অনুমতি দেয়নি প্রশাসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি বাজারে পূর্বনির্ধারিত সমাবেশ করতে না দেওয়ার প্রশাসনের সিদ্ধান্তকে সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম।
গতকাল বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় একটি সমিতির কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গণতান্ত্রিক যুব ফোরামের নেতারা এই অভিযোগ করেন।
গণতান্ত্রিক যুব ফোরাম মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি পঞ্চসেন ত্রিপুরা হত্যার প্রতিবাদে গতকাল বেলা আড়াইটায় এই সমাবেশ করার কর্মসূচি ছিল। প্রশাসনের অনুমতি না থাকায় সমাবেশটি অনুষ্ঠিত হয়নি।
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমা। এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, সদস্য জিকো ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনি ত্রিপুরা।