গণতান্ত্রিক যুব ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক যুব ফোরামের নেতার হত্যাকারীদের গ্রেপ্তার ও মাটিরাঙ্গা উপজেলার গোমতি বাজারে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ কার্যালয়, চেঙ্গি স্কয়ার, মহাজনপাড়া ঘুরে চেঙ্গি স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, জেলা কমিটির সভাপতি নিকোলাস চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক শিখা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল চাকমা।সমাবেশে বক্তারা বলেন, মাটিরাঙ্গা উপজেলার গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি পঞ্চসেন ত্রিপুরার হত্যার প্রতিবাদে ১৮ জুলাই গোমতি বাজারে শান্তিপূর্ণ ছাত্র-যুব সমাবেশের কর্মসূচি ছিল। স্থানীয় বাঙালি জনপ্রতিনিধিসহ সাধারণ জনগণের সমাবেশের ব্যাপারে স্বতঃস্ফূর্তভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও ছিল। তবে স্থানীয় প্রশাসন ষড়যন্ত্রমূলকভাবে সমাবেশ করতে দেয়নি। প্রশাসনের এই আচরণ অগণতান্ত্রিক ও সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী। বক্তারা সভা-সমাবেশে প্রশাসনের হস্তক্ষেপ বন্ধ করা এবং গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত তাঁদের সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বিবৃতি: পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার গণতান্ত্রিক যুব ফোরামের মিছিল থেকে দুই বাঙালি ব্যাটারিচালিত অটোরিকশার চালককে মারধর ও তিনটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বিবৃতিতে কালকের (রোববার) মধ্যে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় সোমবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের হুমকি দেওয়া হয়।