বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেছেন, দেশে গুম-নিখোঁজের রাজনীতি শুরু হয়েছে। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ায় আন্তর্জাতিক মহলে এর খারাপ প্রভাব পড়েছে। তারাও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে চিন্তিত। গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ গুম হওয়া অগণতান্ত্রিক। বর্তমান সরকারই ইলিয়াস আলীকে অপহরণ করেছে দাবি করে শমসের মবিন বলেন, তাঁর সন্ধান দেওয়ার দায়িত্বও সরকারের।সিলেটে গতকাল শনিবার সকালে নগরের একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে শমসের মবিন চৌধুরী এ কথা বলেন। একই স্থানে পরে দলের কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে শমসের মবিন চৌধুরী বলেন, তাঁর বক্তব্যের কারণে তদন্তসংশ্লিষ্টরা ভুল বার্তা পাচ্ছে। তিনি বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেখানে ইলিয়াস আলী নিখোঁজের পর সরকার বিব্রত বলে জানিয়েছেন, সেখানে প্রধানমন্ত্রী বিএনপির নেতৃত্বের ইঙ্গিতে ইলিয়াস নিখোঁজ হয়েছেন বলে মন্তব্য করেছেন। মতবিনিময় সভায় সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক, নারী সাংসদ শাম্মী আক্তার, জেলার জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গফফার, মহানগর সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী, শাহরিয়ার হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। মিছিলের নগর সিলেট: ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট কার্যত মিছিলের নগরে রূপ পায়। আজ রোববারের হরতাল সফল করতে খণ্ড খণ্ড মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হরতালকে সামনে রেখে সিলেট নগর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা সদরগুলোতে বিক্ষোভ মিছিল হয়েছে।মহিলা দলের মানববন্ধন: ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে গতকাল সিলেট নগরের কোর্ট পয়েন্টে জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা ও মহানগর শাখা মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সদস্য রুকশানা বেগমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহিলা দলনেত্রী রুবি রহমান, আনিশা সালমা আলী, আইনজীবী জহুরা জেসমিন ও নারী ওয়ার্ড কাউন্সিলর সালেহা কবির বক্তব্য দেন। বক্তারা বলেন, ‘ইলিয়াস আলী সিলেটের মাটির সন্তান, তাঁকে অক্ষত অবস্থায় সিলেটবাসীর কাছে ফিরিয়ে না দিলে সরকারের বিরুদ্ধে বিরতিহীন দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’