বাংলাদেশে গণতান্ত্রিক শক্তি ও সব নাগরিকের ক্ষমতায়নের বিষয়ে গুরুত্বারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্প্রতি দিল্লি সফর করেন বারাক ওবামা। সে সময় এই দুই নেতার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে এমন অভিমত উঠে আসে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক ফিল রাইনার ওয়াশিংটনে এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান। ওয়াশিংটনের স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেলে ফরেন প্রেস সেন্টার ওবামার ভারত সফর নিয়ে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
গত ২৫ থেকে ২৭ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফরসঙ্গী ছিলেন ফিল রাইনার।
গোলটেবিল বৈঠকের শুরুতে ফিল রাইনার মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন। এরপর তিনি প্রশ্নের উত্তর দেন।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রেক্ষাপটে বারাক ওবামা ভারত সফরের সময় নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন িক না, জানতে চাইলে ফিল রাইনার জানান, দুই নেতা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং এ ক্ষেত্রে দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ার দৃষ্টান্ত তুলে ধরার বিষয়ে কথা বলেন।
ফিল রাইনার বলেন, ‘নিঃসন্দেহে বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। কিন্তু আমি মনে করি, এ সফরের সময় দুই নেতা গণতান্ত্রিক শক্তির ক্ষমতা যা সব নাগরিকের ক্ষমতায়নে কি ভূমিকা রাখে সেটির উল্লেখ করেছেন। আমি মনে করি, এটি চলমান আলোচনা; যা আমরা দুই নেতার ক্ষেত্রে লক্ষ করে আসছি। এ বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং এটির বিকাশে আমরা কাজ করে যাব।’
বারাক ওবামা ২৫ জানুয়ারি দিল্লির হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ বৈঠক করেন। বৈঠক শেষে প্রচারিত যৌথ ঘোষণায় আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।