এইউডব্লিউর অনুষ্ঠানে ডেনিশ রাষ্ট্রদূত
গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন সংগঠিত তৃণমূল আন্দোলন
ডেনিশ রাষ্ট্রদূত মি. ভেনড অলিঙ বলেছেন, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন একটি সুসংগঠিত তৃণমূল আন্দোলন ও নেতৃত্ব। আর সেই নেতৃত্বের যথাযথ বিকাশের জন্য তৃণমূল পর্যায়ের নারীদের শিক্ষার ওপর জোর দিতে হবে। রাষ্ট্রদূত গত বুধবার এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) ও মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত ১০ দিনব্যাপী তৃণমূল পর্যায়ে নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশের ওপর আয়োজিত সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি ছিলেন। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এইউডব্লিউর উপাচার্য ফাহিমা আজিজ ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধি এলিজাবেথ সুলিভ্যান। পরে রাষ্ট্রদূত সম্মেলনে অংশগ্রহণকারী ৫৭ জন তৃণমূল জনপ্রতিনিধিকে সনদ দেন। উল্লেখ্য, সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান ও বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নেন।গত ১০ সেপ্টেম্বর নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী ও ইউএস অ্যাম্বাসেডর এট-লার্জ (গ্লোবাল উইমেন অ্যাফেয়ার্স) মেলান ভারভিয়্যর যৌথভাবে সম্মেলন উদ্বোধন করেন।