ডিকাবের সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী
গণতান্ত্রিক সরকার থাকায় সার্কের সিদ্ধান্ত বাস্তবায়ন দ্রুত হবে
এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সব কটি দেশে গণতান্ত্রিক সরকার রয়েছে। ফলে অতীতের তুলনায় বর্তমানে সার্কের সিদ্ধান্ত বাস্তবায়ন অনেক দ্রুত করা সম্ভব। এ ছাড়া জনগণের জীবনের মানোন্নয়নের মুহূর্তে দক্ষিণ এশিয়ার স্বতন্ত্র পরিচয়ের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এ ব্যাপারে সার্কের সদস্য দেশগুলোরও তাগিদ আছে। অন্যদিকে, এসব দেশের মধ্যে যে পারস্পরিক অবিশ্বাস ও সন্দেহ আছে, তা দূর করতে নিরাপত্তার মতৈক্যের বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কূটনীতিক সংবাদদাতা সমিতি (ডিকাব) আয়োজিত ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন পর্যালোচনা শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এসব কথা বলেন। বেসরকারি সাহায্য সংস্থা সিএসআরএলের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করে ডিকাব। সংগঠনটির সভাপতি জহিরুল আলমের সঞ্চালনায় পরিচালিত আলোচনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান আলম।সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সুফিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমীর ও সাংবাদিক রাহীদ এজাজ। অতীতে সার্ক তেমন সাফল্য না পাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আঞ্চলিক সহযোগিতার সুযোগের আরও বেশি সদ্ব্যবহার আমরা নানা ক্ষেত্রে করতে পারতাম। পাশাপাশি এ অঞ্চলের ভূ-রাজনৈতিক বাস্তবতার নিরিখে নানান অনিশ্চয়তার পরও যেটুকু অগ্রগতি হয়েছে, তার প্রশংসা করা উচিত। সাম্প্রতিক বছরগুলোতে সার্কের অগ্রগতি আর ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে এ অঞ্চলের নেতাদের অঙ্গীকারের বিষয়টিও আমাদের পাশ কাটানো উচিত হবে না।’ দীপু মনি বলেন, গত ২৫ বছরের হতাশার তুলনায় এখন থেকে সার্কে অনেক বেশি আশার জায়গা তৈরি হবে। আগামী দিনে সার্কের কর্মকাণ্ড অনেক গতিশীল হবে। তিনি বলেন, বর্তমানে সার্কভুক্ত সব দেশেই গণতান্ত্রিক সরকার শাসন ক্ষমতায় থাকার বিষয়টি এ অঞ্চলের জন্য আশাব্যঞ্জক ঘটনা। এতে সিদ্ধান্ত বাস্তবায়ন দ্রুত সম্ভব হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান মোস্তফা আবিদ খান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক সাইদা মুনা তাসনিম।