গণতান্ত্রিকভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোয় সরকারের পরিবর্তন নিশ্চিত হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরকারের পরিবর্তন নিশ্চিত হতে হবে। এর মধ্যে কোনো দেশে নিয়মতান্ত্রিক শাসনব্যবস্থায় ছেদ পড়লে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনতে সোচ্চার হবে গণতান্ত্রিক শক্তিগুলো। গণতন্ত্র ব্যাহত করার প্রয়াসের বিরুদ্ধে ঐকবদ্ধ অবস্থান নেবে এ অঞ্চলের গণতান্ত্রিক সব শক্তি।এটি হচ্ছে সার্কের খসড়া গণতন্ত্র সনদের মূল প্রতিপাদ্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণতন্ত্র সুসংহত করার প্রয়াসে তৈরি ওই সনদে সংসদের পাশাপাশি তৃণমূল পর্যায়ে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে। কূটনৈতিক সূত্রে এ খবর জানা গেছে।পাশাপাশি বিচার ও নির্বাহী বিভাগে সব ধরনের নিয়োগ যাতে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হয়, তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। খসড়া সনদে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সুশীল সমাজ ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কাজের স্বীকৃতি দেওয়ারও প্রস্তাব রয়েছে বলে সূত্র জানায়। আগামীকাল শনিবার থেকে ঢাকায় অনুষ্ঠেয় দুই দিনের আন্তসরকার বৈঠকে বাংলাদেশের প্রণীত ওই খসড়া চূড়ান্ত রূপ পাবে। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠেয় দুই দিনের ওই বৈঠকে সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, রাজনীতিবিদ, আইন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। জানা গেছে, বাংলাদেশের প্রণীত সার্ক গণতন্ত্র সনদের খসড়াটি মতামতের জন্য সদস্যদেশগুলোর কাছে পাঠানো হয়েছে। ঢাকার বৈঠকে এটি চূড়ান্ত হওয়ার পর আগামী ডিসেম্বর মাসে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের সভায় অনুমোদন করা হবে।গত এপ্রিল মাসে ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ষোড়শ সার্ক (দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা) শীর্ষ সম্মেলনে গণতন্ত্র সুসংহত করতে সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। সম্মেলন শেষে বাংলাদেশকে গণতন্ত্র সনদের খসড়া তৈরির পাশাপাশি বিষয়টি চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়।খসড়ায় বলা হয়েছে, জনগণের কল্যাণ ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলো কার্যকর, দক্ষ, জবাবদিহিমূলক ও স্বচ্ছ সরকারব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। সার্কের গণতন্ত্র ও উন্নয়ন অবিচ্ছেদ্য অংশ। জনকল্যাণমুখী নীতির প্রয়োগ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ছাড়া শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা অর্জন অসম্ভব। তাই গণতন্ত্র ও উন্নয়নের প্রত্যয়ে সার্কের ঐক্যবদ্ধ প্রয়াস অপরিহার্য। গণতন্ত্র সুসংহত করার পাশাপাশি তা বিকশিত করাটাও জরুরি। দক্ষিণ এশিয়ায় শান্তি, স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন ও জনগণের সমান অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার বিষয়গুলোকে খসড়া সনদে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অগণতান্ত্রিক ও প্রতিনিধিত্বহীন সরকার জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার পাশাপাশি সংবিধান ও আইনের শাসনকে এড়িয়ে চলে। এতে দীর্ঘ মেয়াদে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়ে বলে খসড়ায় বলা হয়েছে।সদস্যদেশগুলোর অঙ্গীকার: গণতন্ত্রের উপযোগিতা ও গণতন্ত্র ব্যাহত হলে যেসব ঝুঁকি থাকবে তা বিবেচনায় নিয়ে সদস্যদেশগুলো এবারের বৈঠকে বেশ কিছু বিষয়ে প্রতিশ্রুতি দেবে। এর মধ্যে রয়েছে প্রতিটি দেশ সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি সংবিধানের মূল ভিত্তিকে সমুন্নত রেখে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করবে; সংসদ ও স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করবে; নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে বিচার ও নির্বাহী বিভাগের বিভিন্ন পদে নিয়োগ দেবে; সংসদ, বিচার ও নির্বাহী বিভাগের কাজের মধ্যে ভারসাম্য ও কার্যকর সমন্বয় রাখবে; নির্বাহী বিভাগের কার্যক্রম ঠিকভাবে চলছে কি না, তা পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল, সুশীল সমাজ ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকার স্বীকৃতি দেবে।প্রতিশ্রুতি পূরণের পদক্ষেপ: দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রকে সুসংহত করতে সদস্যদেশগুলোর অঙ্গীকার পূরণের জন্য তাদের সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। এসব পদক্ষেপের মধ্যে থাকবে উন্নয়নের সঙ্গে গণতন্ত্রের যোগসূত্র বৃদ্ধি; অংশীদারিমূলক ও সুশাসনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন বিকশিত করা; রাষ্ট্র ও সমাজজীবনের সব ক্ষেত্রে নিশ্চিত করতে হবে গণতান্ত্রিক চর্চা; ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা; অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং প্রতিনিধিত্বমূলক সংসদের মাধ্যমে অংশীদারিমূলক গণতন্ত্র বিকাশে ব্যবস্থা নেওয়া; সমাজের সব স্তরের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক পন্থা ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হলে তা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করবে সব গণতান্ত্রিক শক্তি। আর দক্ষিণ এশিয়ার কোনো দেশে গণতন্ত্র ব্যাহত করার অপচেষ্টা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার প্রয়াসে গণতান্ত্রিক সব শক্তি জনসমর্থন তৈরির জন্য কাজ করবে।প্রস্তাবিত সনদ এ অঞ্চলে কতটা প্রভাব ফেলবে জানতে চাইলে সার্ক সচিবালয়ের সাবেক মহাসচিব কিউ এ এম এ রহিম বলেন, বর্তমান পরিস্থিতিতে সদস্যদেশগুলোর ইচ্ছা-অনিচ্ছাতেই চলে সার্কের কার্যক্রম। অর্থাৎ বর্তমান কাঠামোতে কোনো দেশে সরকার পরিবর্তনের পর ওই দেশের ভাগ্যে কী ঘটবে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।