
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সংবিধান ও গণতন্ত্রের প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উত্থানের ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
কক্সবাজারের রামু সেনানিবাসে গতকাল রোববার সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। তিনি দশম পদাতিক ডিভিশনের অধীনে নবগঠিত দশম আর্টিলারি ব্রিগেড, ৯৭ ইনফ্যান্ট্রি ব্রিগেড, ২৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৬০ ইস্টবেঙ্গল রেজিমেন্ট ও ৩৬ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের উদ্বোধন করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ যাতে কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।’ তিনি বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে দেশ থেকে অশুভ শক্তিকে সমূলে উৎপাটন করতে হবে।
শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা অতীতে জনগণকে সেবা প্রদানে তাঁর সরকারকে সব সময় সমর্থন দিয়েছেন। ভবিষ্যতেও জনগণের প্রয়োজনে তাঁরা জনগণের পাশে দাঁড়াবেন।
সশস্ত্র বাহিনীর উন্নয়নে প্রয়োজনীয় সবকিছু করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ লক্ষ্যে সরকারপ্রধান হিসেবে আমি সাধ্যমতো সহযোগিতা প্রদান করছি। একটি আধুনিক ও দক্ষ সেনাবাহিনীর জন্য আগামীতেও যা যা প্রয়োজন তা করতে আমি আমার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।’ তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী এ দেশের জনগণের অবিচ্ছেদ্য অংশ। শুধু দেশেই নয়, বহির্বিশ্বেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে কর্তব্য পালন করে যাবেন। শেখ হাসিনা বলেন, সেনাবাহিনীর উন্নয়নে ও অন্যান্য কার্যক্রমে গতি সঞ্চারে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করা হচ্ছে।
মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, সংসদ সদস্য, কূটনীতিক এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিভিশনের অধীন নবগঠিত আর্টিলারি, ইনফ্যান্ট্রি ব্রিগেড ও রেজিমেন্টের পতাকা উত্তোলন করা হয়।
প্রধানমন্ত্রী রামু সেনানিবাসে পৌঁছালে সেনাবাহিনীর প্রধান ইকবাল করিম ভূইয়া এবং দশম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান তাঁকে অভ্যর্থনা জানান।
চট্টগ্রামে হোটেল র্যাডিসন ব্লুর উদ্বোধন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বন্দরনগর চট্টগ্রামে পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লুর উদ্বোধন করেন।
সেনা হোটেল ডেভেলপমেন্ট লিমিটেডের মালিকানায় এই হোটেলে থাকছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা। বিশ্বের বৃহত্তম হোটেল গ্রুপ কার্লসন রেজিডর এই হোটেল পরিচালনা করবে।
২৪১ কক্ষেরÿ হোটেলটি এপ্রিলের মাঝামাঝি সময়ে পুরোপুরি চালু হবে।