গণধর্ষণ ও এসিড নিক্ষেপের মামলায় অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় এক গৃহবধূকে গণধর্ষণ করার পর এসিড ঢেলে তাঁর গোপনাঙ্গ ঝলসে দেওয়ার অভিযোগে করা মামলার অভিযোগপত্র গতকাল বৃহস্পতিবার আদালতে দাখিল করা হয়েছে। অভিযোগপত্র দিলেও পুলিশ এখন পর্যন্ত এ মামলার চার আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় ওই গৃহবধূর স্বামী তাঁকে তালাক দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক আলী রেজা এ মামলায় পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করেন। নারী নির্যাতন ও এসিড অপরাধ দমন আইনে অভিযোগপত্র আলাদাভাবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও এসিড-সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে দাখিল করা হয়।আসামিরা হলেন সদর উপজেলার গাজীপুর গ্রামের রবিউল ইসলাম, একই উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা এবং ওই গৃহবধূর সাবেক ননদের স্বামী ফারুখ হোসেন, ছনকা গ্রামের মুজিবুর রহমান ও মোস্তাফিজুর রহমান। মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৫ জুলাই রাতে সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর গ্রামের এক গৃহবধূকে (২৪) বাড়ি থেকে তুলে পাটখেতে নিয়ে গণধর্ষণ করা হয়। পরে তাঁর গোপনাঙ্গ এসিড ঢেলে ঝলসে দেওয়া হয়। পরদিন ওই গৃহবধূর মা রবিউল ইসলাম, ফারুখ হোসেন, মুজিবুর রহমান ও মোস্তাফিজুর রহমানের নামে মামলা করেন। মামলার বাদী অভিযোগ করেন, মামলা থেকে ফারুখ হোসেনের নাম প্রত্যাহার করানোর জন্য তাঁর মেয়ের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে ও তাঁর মেয়েকে চাপ সৃষ্টি করছে।এতে রাজি না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন ও আসামিরা জোর করে তালাকনামায় তাঁর মেয়ের স্বাক্ষর নেয়। পরে দুই সন্তানকেও তাঁর মেয়ের কাছ থেকে নিয়ে যাওয়া হয়। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।গৃহবধূর স্বামী জানান, কোনো ধরনের চাপে নয়, স্বেচ্ছায় তাঁর স্ত্রী তাঁকে তালাক দিয়েছেন। দুই ছেলে মায়ের সঙ্গে যেতে না চাওয়ায় তাদের রেখে দেওয়া হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আলী রেজা জানান, পলাতক থাকায় আসামিদের গ্রেপ্তার করা যায়নি।