গণধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ থানার একটি গণধর্ষণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আরিফুর রহমান এ আদেশ দেন।যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: নবাবগঞ্জ থানার আলগীর চরের হাতেম আলীর ছেলে মালেক, শেখ বাবর আলীর ছেলে সজীব, মৃত হাসমতের ছেলে সোহেল ও ফরমানের ছেলে মতিয়ার ওরফে মতি।রায়ে আদালত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়। রাষ্ট্রপক্ষ আসামি তসলিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস দেন।আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত আসামিরা সবাই জামিনে গিয়ে পলাতক। আসামিদের গ্রেপ্তার অথবা আত্মসমর্পণের তারিখ থেকে এ রায় কার্যকর হবে।নবাবগঞ্জ থানার আলগীর চরে গৃহপরিচারিকার কাজ করত ঘটনার শিকার মেয়েটি। মামলার বিবরণ অনুযায়ী, ২০০১ সালের ২ অক্টোবর আসামি মালেক তাঁকে ডেকে আসামি সবুজের কাছে নিয়ে যায়। এরপর দুজনে মিলে তাঁকে আলগীর চর প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে হাত বেঁধে ধর্ষণ করে। এ ঘটনায় ৭ অক্টোবর নবাবগঞ্জ থানায় একটি গণধর্ষণ মামলা করে ধর্ষিতা নিজে। পুলিশ তদন্ত করে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত মামলায় সাতজনের সাক্ষ্য নেন।