গণধর্ষণ, মেধাবী ছাত্রীর স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় গ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সর্বস্তরের মানুষের মানববন্ধন ষ ছবি: প্রথম আলো
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় গ্রামে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সর্বস্তরের মানুষের মানববন্ধন ষ ছবি: প্রথম আলো

মেয়েটি দশম শ্রেণীতে পড়ে! প্রথম বৈ দ্বিতীয় হয়নি কোনো দিন। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে। পড়াশোনাই ছিল তার ধ্যানজ্ঞান। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত। সে স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে তিন পাষণ্ড। মেয়েটিকে গণধর্ষণ করেছে ওরা।
গত মঙ্গলবার কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে। সেই কিশোরী এখন কুড়িগ্রাম সদরের একটি হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে আর অঝোরে কাঁদছে। তার একটাই জিজ্ঞাসা, ‘কেন ওরা আমার জীবনটা নষ্ট করে দিল?’
মেধাবী এ শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে ধর্ষণের ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠেছেন। ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় এলাকার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
এ সময় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ রহমান উপস্থিত ছিলেন। তাঁরা ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে গত বুধবার ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি বলে, ‘মঙ্গলবার সকাল ১০টার পর বিদ্যালয়ে এসে দেখি, অনেক সহপাঠী আসেনি। বেঞ্চে বই রেখে বিদ্যালয়ের পাশে বান্ধবী শাহানাজের বাড়ির দিকে যাই। এ সময় আল আমিনের বড় ভাবি রুবিনা ডাক দেন। কুশল জিজ্ঞেস করেন। কথা বলতে বলতে বাড়ির ভেতরে নিয়ে যান। এই সময় আল আমিন, ফারুক ও মোত্তালেব মুখ চেপে জোর করে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। একসময় ওরা আমাকে ফেলে রেখে বাড়ির বাইরে যায়। তখন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে।’
মেয়েটির বাবা পেশায় হোমিও চিকিৎসক। তিনি বলেন, ‘আমি খুব নিরিবিলি জীবন যাপন করি। কারও ক্ষতি করিনি। কেন আমার এ অবস্থা হলো? আমি এ ঘটনার বিচার চাই।’ তিনি অভিযোগ করেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যানের পক্ষ না নেওয়ায় তিনি আমার ওপর ক্ষুব্ধ। গত ১০ জুন লোক দিয়ে তিনি (চেয়ারম্যান) বাজারে আমার হোমিওপ্যাথির দোকানঘরটি ভেঙে দেন। এ ব্যাপারে ইউএনওসহ থানায় অভিযোগ করি। সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান চাপ দিয়ে আসছিলেন। তিনি হুমকি দিয়েছিলেন, অভিযোগ তুলে না নিলে আমার অপূরণীয় ক্ষতি হবে।’
ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান গাজিউর রহমান মণ্ডল বলেন, ‘দোকান ভাঙার ব্যাপারে আমি লোক মারফত মাফ চেয়েছি, কোনো হুমকি দিইনি।’ তিনি দাবি করেন, আল আমিন তাঁর ক্যাডার নয়, আত্মীয়। ইউপি চেয়ারম্যান বলেন, ‘যে অন্যায় করেছে, তার শাস্তি আমিও চাই।’
গতকাল সরেজমিনে আল আমিনদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আল আমিনদের প্রতিবেশী শিক্ষক নাসরিন আখতার বলেন, ‘ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। ঘরের ভেতর গিয়ে দেখি, মেয়েটি রক্তাক্ত অবস্থায় বিছানায় শুয়ে আছে।’
ধর্ষণের শিকার শিক্ষার্থীর বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমান ও সামছুল হক জানান, মেয়েটি প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম হয়ে আসছে। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে। শাহানাজ বেগম জানায়, তার বান্ধবী খুব ভদ্র ও শান্ত।
ওসি মাহফুজ রহমান জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে তিনি পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডুসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন পর্যন্ত অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।