গণধর্ষণের পর এখন বাদীকে হত্যার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর গ্রামের গৃহবধূকে গণধর্ষণের পর মামলার আসামিরা জামিনে এসে বাদীকে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দোহার-নবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাদী এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাদী বলেন, গত ৫ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় বাড়িতে একা পেয়ে আসামিরা হাত-পা বেঁধে তাঁকে ধর্ষণ করে। মুঠোফোনে তাঁর নগ্ন ছবি তোলে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ছবি সিডি করে ও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপর তারা ঘর থেকে ১০ হাজার টাকা, সাড়ে পাঁচ ভরি স্বর্ণ ও ১০ ভরি রুপার অলংকার নিয়ে যায়। বাদী অভিযোগ করেন, প্রথমে পুলিশ মামলা নিতে রাজি হয়নি। পরে এলাকাবাসীর চাপে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নেয়। কিন্তু গত চার মাসেও এ মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে আসামিরা জামিনে এসে তাঁকে (বাদী) মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয়। প্রতি রাতে ঘরে ঢিল ছোড়ে ও গালাগাল করে। মামলা প্রত্যাহার না করলে তাঁকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় তারা। মামলার তদন্ত কর্মকর্তা ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে।