গণধর্ষণের মামলায় নারীসহ পাঁচজনের যাবজ্জীবন
টাঙ্গাইল সদরের এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় এক নারীসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় দেন।
এই পাঁচজন হলেন টাঙ্গাইলের কালিহাতীর বীথি আক্তার এবং মধুপুরের এস এম নুরুজ্জামান গেদা, মো. হারুন অর রশিদ, শাহজাহান আলী ও মনিরুজ্জামান। তাঁদের উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফজলুল কাদের বলেন, ২০১২ সালের ৬ ডিসেম্বর বীথি তাঁর মামাতো বোনের বিয়েতে যাওয়ার কথা বলে টাঙ্গাইল সদরের নবম শ্রেণির ছাত্রী এক বান্ধবীকে তাঁর বাসা থেকে নিয়ে যান। বিয়েবাড়িতে না নিয়ে গিয়ে তিনি ওই বান্ধবীকে মধুপুরে আসামি নুরুজ্জামানের বাড়িতে নিয়ে যান। ওই রাতে মেয়েটি গণধর্ষণের শিকার হন। ৯ ডিসেম্বর মেয়েটিকে তাঁর বাড়ির পাশের একটি জায়গায় ফেলে রেখে যাওয়া হয়। প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন মেয়েটি। এ ব্যাপারে ওই বছরের ৩১ ডিসেম্বর টাঙ্গাইলের মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ওই পাঁচ আসামির বিরুদ্ধে ২০১৩ সালের ৩০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মো. ফজলুল কাদের আরও বলেন, মামলার বিচার চলাকালে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বিব্রতবোধ করেন এবং উচ্চ আদালতের মাধ্যমে মামলাটি অন্যত্র স্থানান্তর করার আবেদন জানান। পরে উচ্চ আদালত ২০১৪ সালের ১ ডিসেম্বর ওই মামলা গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন।
মেয়েটির হয়ে মামলা লড়েন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী মো. জালাল উদ্দিন, বাংলাদেশ মহিলা পরিষদের টঙ্গী শাখার সভাপতি আনোয়ারা বেগম প্রমুখ।
মো. জালাল উদ্দিন বলেন, বেসরকারি সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সহায়তায় মেয়েটিকে ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে তিনি গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করছেন।