গণধোলাইয়ের শিকার গোয়েন্দা পুলিশের পাঁচজন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জালটাকা ও মাদক ব্যবসায়ী সন্দেহে এক যুবককে আটকের ঘটনায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পাঁচ সদস্য গণধোলাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় গতকাল বুধবার দুটি মামলা করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন শেরপুর ডিবির এসআই জাফর আলী খাঁ ও মিঠু মিয়া, এএসআই হাবিবুর রহমান চকদার, কনস্টেবল কবির হোসেন ও আবদুল আওয়াল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের বিবরণ অনুযায়ী জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নন্নী বাজারে ডিবি পুলিশ অভিযান চালায়। এ সময় ১২ বোতল ভারতীয় মদসহ হাবিবুর রহমান ওরফে মেসি (২১) নামের একজনকে আটক করা হয়। পরে শাহীন মিয়া নামের স্থানীয় এক যুবককে মদ ও জালটাকার ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত করে হাতকড়া পড়ানো হয়। এ সময় উপস্থিত জনতা ডিবি পুলিশের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ডিবির সদস্যরা পিস্তল বের করে গুলি করতে উদ্যত হন। এ পর্যায়ে উত্তেজিত জনতা তাঁদের ধোলাই দিয়ে নন্নী ইউনিয়ন পরিষদ কক্ষে আটক করে রাখে। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান ও নালিতাবাড়ী থানার ওসি মনিরুল ইসলাম সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে রাতে তাঁদের মুক্ত করেন।
জাফর আলী খাঁ বলেন, ‘কিছু মানুষ আমাদের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে তারা আমাদের ওপর আক্রমণ করে।’ এ ব্যাপারে জানতে একাধিকবার চেষ্টা করেও অভিযুক্ত শাহীন মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ওসি মনিরুল বলেন, হাবিবুর রহমান ও শাহীন মিয়া মাদক ও জালটাকার ব্যবসায় জড়িত। তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মিঠু মিয়া পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেছেন।