গণনাকারীরা চেক নিয়ে ঘুরছেন ব্যাংকে, টাকা পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মাসের ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত দেশে আদমশুমারি ও গৃহগণনা হয়েছে। আদমশুমারির কাজ শেষ হলেও গণনাকারীরা তাঁদের টাকা তুলতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চেক নিয়ে তাঁরা সোনালী ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় ধরনা দিচ্ছেন। টাকা নিয়ে গণনাকারীদের ভোগান্তির জন্য ব্যাংকের পক্ষ থেকে পরিসংখ্যান ব্যুরোকে দায়ী করা হচ্ছে। জানা গেছে, চট্টগ্রাম জেলায় মোট ১৪ হাজার ৩৪৮ জন গণনার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বেশির ভাগই শিক্ষার্থী ও বেকার। পরিসংখ্যান ব্যুরো থেকে গত ২১ মার্চ চেকগুলো ইস্যু করা হয়েছে। চেকে লেখা রয়েছে, ‘সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ভাঙানো যাবে। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে এই চেক ভাঙানো যাবে।’জানা গেছে, যেকোনো শাখা লেখা থাকলেও ব্যুরোর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে আবার কিছু কিছু চেক নিয়ে কোন ব্যাংকে যেতে হবে, তা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। আবার চেক দেওয়া হলেও সোনালী ব্যাংকের সব শাখায় এই নির্দেশ পৌঁছানো হয়নি। ফলে অনেক শাখা টাকা দিচ্ছে না।চট্টগ্রাম আঞ্চলিক পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান বলেন, ‘আমরা চেক দিয়ে দিয়েছি। কিন্তু সোনালী ব্যাংকের কোনো কোনো শাখা টাকা দিতে গড়িমসি করছে। বিষয়টি নিয়ে আমি চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছি। আশা করি, রোববার থেকে এটা ঠিক হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘সব শাখা থেকে টাকা উত্তোলনের কথা লেখা থাকলেও আমি চেকের সিরিজ নম্বর অনুযায়ী কোনটি কোন শাখা থেকে ভাঙাবে, সেটা নির্ধারণ করে দিয়েছি।’সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি গণনাকারীকে দুই হাজার টাকা ও সমন্বয়কারীদের দুই হাজার ৪০০ টাকার চেক দেওয়া হয়। মোরশেদুর রহমান নামের পশ্চিম পটিয়ার চরপাথরঘাটার এক গণনাকারী বলেন, ‘চেক নিয়ে দুই দিনে পটিয়া ও নগরের কয়েকটি শাখায় ঘোরাঘুরি করেছি। কিন্তু কেউ টাকা দেয়নি।’ জানা গেছে, পরিসংখ্যান ব্যুরো ও সোনালী ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয়ের সঙ্গে টাকা পরিশোধের বিষয়ে একটি চুক্তি হয়। তখনই যেকোনো শাখা থেকে টাকা তোলার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এ-সংক্রান্ত সোনালী ব্যাংকের নির্দেশনা সঠিক সময়ে সংশ্লিষ্ট শাখায় জানানো হয়নি। সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মো. নুরুল হক গত বৃহস্পতিবার বলেন, তিনি বৃহস্পতিবারই নির্দেশনাটি পেয়েছেন। তাই ওই দিন থেকে টাকা দিচ্ছেন।’তবে সোনালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক দিদার মোহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘যেকোনো শাখা থেকে টাকা দেওয়ার কথা উল্লেখ ছিল। তবে চট্টগ্রাম পরিসংখ্যান কার্যালয় থেকে কিছু কিছু ক্ষেত্রে শাখা ভাগ করে দেওয়া হয়। এ নিয়ে আমাদের অনেক ব্যবস্থাপক বিভ্রান্তিতে পড়েছেন। তাই কিছুটা দেরি হয়েছে।’