গণপদযাত্রার প্রচার শুরু নতুন মোর্চার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত ‘সচেতন সিলেটবাসী’ আগামী রোববার বিশ্ববিদ্যালয় অভিমুখে গণপদযাত্রার প্রচারণা শুরু করেছে। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকা টুকেরবাজারে পথসভা করে গণপদযাত্রার প্রচার শুরু করা হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে বাইরে থেকে আন্দোলনসহ নানা রকম তৎপরতাকে ‘অযাচিত হস্তক্ষেপ’ অভিহিত করে সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে গতকাল বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে ‘প্রগতিশীল ছাত্র-জনতা’ নামের নতুন একটি মোর্চা।
সমন্বিত ভর্তি পরীক্ষা শুধু একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হতে পারে না—এ যুক্তি তুলে ধরে সচেতন সিলেটবাসীর ব্যানারে আন্দোলনে নামেন রাজনৈতিক, শিক্ষাবিদ, অভিভাবকসহ সামাজিক সংগঠনের নেতারা। টুকেরবাজারের প্রবীণ ব্যক্তি এম শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সচেতন সিলেটবাসীর আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আলী আহমদ, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর, সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল খালিক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল নগর কমিটির আহ্বায়ক সালেহ আহমদ, আবদুল মুকিত প্রমুখ।
সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে গতকাল বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘প্রগতিশীল ছাত্র-জনতা’ ব্যানারে মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে সমন্বিত ভর্তি পরীক্ষার পক্ষে মতামত তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের বাইরের তৎপরতাকে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলে মন্তব্য করা হয়। মানববন্ধনে ব্লগার, ছাত্রসংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা একাত্ম হন। বক্তৃতা করেন উদীচীর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মুনির হেলাল, ব্লগার হাসান মোরশেদ প্রমুখ।