গণপরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে : মেয়র নাছির
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, গণপরিবহন খাতে বিভিন্ন অসুবিধা যেমন রয়েছে, তেমনি বিশৃঙ্খলাও আছে। এই খাতে অবশ্যই শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
আজ রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন। নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে ‘চট্টগ্রাম নগরের গণপরিবহনের সমস্যা এবং পরিবহন ক্ষেত্রে শৃঙ্খলা’ সংক্রান্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পরিবহন মালিকেরা গণপরিবহন খাতে নৈরাজ্য, বিশৃঙ্খলা ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এ সময় সংগঠনের মহাসচিব বেলায়েত হোসেন মেয়রের কাছে নয়টি দাবি উত্থাপন করেন।
সংগঠনের উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে নগরে রুট পারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধ করা। এক রুটের পারমিট নিয়ে অন্য রুটে গাড়ি চলাচল বন্ধ করা। ক্লাব ও কল্যাণ সমিতির নামে গণপরিবহন পরিচালনাকারী অবৈধ সংগঠনের চাঁদাবাজি বন্ধ ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। পুলিশের গাড়ি রিকুইজিশনের নামে চালক ও মালিকদের হয়রানি বন্ধ করা। শহরের মূল সড়কে হকারেরা যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। বিআরটিএকে দালালমুক্ত করা এবং সব কার্যক্রম সিসিটিভির আওতায় আনার ব্যবস্থা করা।
এসব দাবি প্রসঙ্গে সভায় মেয়র আ জ ম নাছির বলেন, ‘সংগঠনের সবকটি দাবিই যৌক্তিক। আমার পক্ষে যতটা দাবি পূরণ করা সম্ভব, ততটিই করব। আর বাকি দাবিগুলো পূরণে আমি সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কথা বলব।’
সভায় উপস্থিত ছিলেন নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান, বিআরটিএর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের প্রধান উপদেষ্টা আমজাদ হাজারী, কার্যকরী সভাপতি ইকবাল মো. মনসুরুল করিম, যুগ্ম মহাসচিব জিয়াউদ্দিন শরীফ, অর্থ সম্পাদক রায়হান উল হক চৌধুরী প্রমুখ।
সভায় মেয়র বলেন, আগামী জুলাইয়ের পর থেকে সড়কে কোনো হকার থাকবে না। তাঁদের জায়গা ও সময় নির্ধারণ করে দিয়ে পরিচয়পত্র দেওয়া হবে। তাঁরা নির্দিষ্ট সময়ে ব্যবসা করে ফুটপাত খালি করে দিয়ে চলে যাবেন। ফলে নগরে আর যানজট হবে না। তিনি মালিক সমিতির নেতাদের সঙ্গে পরামর্শ করে যানবাহন সহায়তা নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।
সংগঠনের মহাসচিব বেলায়েত হোসেন বলেন, নগরে বিভিন্ন রুটে অনুমোদন ছাড়া গাড়ি চলাচল করছে। অনুমোদনহীন গাড়ি চলাচলের কারণে গণপরিবহনে নৈরাজ্য শুরু হয়েছে। তাই অবিলম্বে রুট পারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে।