গণপরিবহন না পেয়ে ভুগল চট্টগ্রামের মানুষ
>* নয় ঘণ্টা পর ধর্মঘট স্থগিত * স্বস্তি দিল না রিকশাচালকেরাও
চট্টগ্রাম নগরের কর্নেলহাটের বাসিন্দা সুমন দাশ চাকরি করেন আগ্রাবাদের একটি শিপিং কোম্পানিতে। বাসে করে অফিসে আসা-যাওয়া বাবদ তাঁর খরচ হতো সর্বোচ্চ ৩০ টাকা। কিন্তু গণপরিবহন না চলায় গতকাল মঙ্গলবার রিকশায় করে অফিসে যেতে হয়েছে তাঁকে। রাস্তায় যাত্রীর সংখ্যা অনেক বেশি থাকায় সুযোগ বুঝে রিকশাচালক তাঁর কাছ থেকে আদায় করেন ১২০ টাকা।
চাকরিজীবী সুমন দাশের মতো যাতায়াতে বাড়তি টাকা খরচ করতে হয়েছে স্কুলছাত্র মো. ইরফানকেও। গতকাল দুপুরে নগরের মোহাম্মদ আলী সড়কসংলগ্ন স্কুল থেকে নন্দনকাননের বাসা পর্যন্ত যেতে তার কাছেও ১০০ টাকা ভাড়া হাঁকেন রিকশাচালক। স্বাভাবিক অবস্থায় এ পথের রিকশাভাড়া ৪০-৪৫ টাকা। বাধ্য হয়ে ওই ভাড়াতেই রিকশায় যেতে হয়েছে তাকে।
গতকাল সকাল ছয়টা থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীকে। টানা নয় ঘণ্টার দুর্ভোগের অবসান হয়েছে বেলা তিনটায়। এর আগে ধর্মঘটে চট্টগ্রাম নগর এবং জেলার কোথাও রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি খুব একটা চলেনি। অনেকে পায়ে হেঁটে অফিস-আদালতে গিয়েছেন।
নগরের দামপাড়া থেকে ঢাকার উদ্দেশে বিভিন্ন পরিবহন কোম্পানির এসি বাস ছেড়ে যায়। ধর্মঘটের কারণে বিকেল পর্যন্ত কোনো বাস ছাড়েনি। গ্রিন লাইন পরিবহনের দামপাড়া কাউন্টারের বিক্রয় প্রতিনিধি তানভির আলম প্রথম আলোকে বলেন, গতকাল সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সব বাসের যাত্রা তাঁরা বাতিল করেন। ধর্মঘট স্থগিতের ঘোষণা আসার পর বিকেল থেকে তাঁদের গাড়ি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যেতে শুরু করে।
চট্টগ্রামে একাধিক বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ, ড্রাইভিং লাইসেন্স পাওয়া সহজ করা, পুলিশি হয়রানি বন্ধসহ নয় দফা দাবিতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখা গতকাল ভোর ছয়টা থেকে ২৪ ঘণ্টা বৃহত্তর চট্টগ্রামের পাঁচটি জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘট অবসানে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান এবং জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা গতকাল বেলা দুইটায় পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে পরিবহন শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করেন। প্রায় এক ঘণ্টা আলোচনার পর বেলা তিনটায় পরিবহন শ্রমিকেরা ধর্মঘট স্থগিত করে।
ধর্মঘটের সমর্থনে নগরের প্রবেশমুখ শাহ আমানত সেতু, অলংকার মোড় ও অক্সিজেন মোড়ে পরিবহন শ্রমিকেরা অবস্থান নেন। তাঁদের বাধার কারণে নগরে কোনো গাড়ি প্রবেশ করতে পারেনি। আবার দূরপাল্লার কোনো গাড়ি নগর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।
গতকাল সকালে কর্ণফুলী শাহ আমানত এলাকায় পরিবহন শ্রমিকেরা সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এমনকি ব্যক্তিগত গাড়ি চলাচলেও বাধা দেন। দুপুর ১২টায় সেখানে অন্তত তিন শতাধিক নারী-পুরুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়। সাতকানিয়ার বাসিন্দা রফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘দেড় ঘণ্টার বেশি অপেক্ষা করেছি। একটি গাড়িও পাচ্ছি না।’
রাজীব বণিক নামের এক ব্যবসায়ী বলেন, হাটহাজারীর চৌধুরীহাট থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত রিকশা ভাড়া করেন তিনি। অক্সিজেন মোড় পর্যন্ত আসার পর তাঁর রিকশা আটকে দেওয়া হয়।
জসিম উদ্দিন নামের আরেক ব্যক্তি বলেন, চকবাজার থেকে আগ্রাবাদ পর্যন্ত যেতে তিনবার রিকশা বদলাতে হয়েছে তাঁকে। গতকাল রিকশার ভাড়া বাবদ তাঁর খরচ হয়েছে ২৮০ টাকা।
বেসরকারি চাকরিজীবী শাহাদাত হোসেন বিবিরহাট থেকে হেঁটে ও রিকশায় করে জিইসি মোড়ে পৌঁছান। এতে তাঁর সময় লাগে প্রায় দুই ঘণ্টা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অলি আহামদের দাবি, বৃহত্তর চট্টগ্রামের ৬৮টি আন্তজেলা রুটসহ শতাধিক রুটে গতকাল বেলা তিনটা পর্যন্ত সব ধরনের বাস, ট্রাক ও ছোট যান চলাচল বন্ধ ছিল। তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁরা ধর্মঘট স্থগিত করেন।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান প্রথম আলোকে বলেন, পরিবহন শ্রমিকদের কিছু দাবি যৌক্তিক। বিশেষ করে বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ করা প্রয়োজন। কিন্তু এসব দাবি কীভাবে পূরণ করা যায়, তা নিয়ে চট্টগ্রাম সিটি মেয়রের সঙ্গে আগামী ৪ ডিসেম্বর বৈঠক হবে। বৈঠকে আন্দোলনকারী শ্রমিকসংগঠনের নেতারা থাকবেন।