গণপরিবহন বাড়ানো, যত্রতত্র পার্ক না করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর চট্টগ্রাম নগরে যত নতুন গাড়ি রাস্তায় নামে, এর ৮০ শতাংশই ব্যক্তিগত গাড়ি। মোট যানবাহনের মাত্র ৬ থেকে ৭ শতাংশ থাকে গণপরিবহন। আবার রাস্তায় যত গাড়ি নামে, তা চালানোর জন্য যোগ্য চালকেরও ঘাটতি রয়েছে। মূলত প্রয়োজনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কম থাকা, যোগ্য চালকের অভাব, যততত্র পার্কিং, রাস্তায় হকার বসা এবং ট্রাফিক আইন না মানার কারণে চট্টগ্রামে যানজট দিন দিন বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গতকাল শনিবার সকালে প্রথম আলো আয়োজিত ‘যানজটে স্থবির চট্টগ্রাম: করণীয় কী’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। নগরের পাঁচলাইশে প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির জাহানারা মমতাজ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা পল্লবী খাস্তগীর বলেন, চট্টগ্রাম নগর থেকে ফটিকছড়ি উপজেলার দূরত্ব ৩৮ কিলোমিটার। এই পথ পাড়ি দিতে সর্বোচ্চ সোয়া এক ঘণ্টা সময় লাগার কথা। কিন্তু যানজটের কারণে সময় লাগে গড়ে দুই থেকে আড়াই ঘণ্টা। নগরের মুরাদপুর ও অক্সিজেন মোড় পার হতেই ৪০ মিনিট চলে যায়।

বন্দর ব্যবহার করা গাড়ির জন্য বিকল্প সড়ক: চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ার কারণে কাভার্ড ভ্যান, প্রাইম মুভার ও ট্রাকের সংখ্যা বাড়ছে। এসব গাড়ি যাতে মূল সড়ক ব্যবহার না করে, এখনই তা চিন্তা করার কথা বলেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ উল হাসান। তিনি বলেন, বিশ্বের কোনো দেশেই বন্দরে যাতায়াত করা গাড়ি শহরের মূল সড়ক ব্যবহার করে না। এসব গাড়ি চলাচলের জন্য বিকল্প সড়ক রয়েছে। চট্টগ্রাম বন্দরে যেসব গাড়ি যাওয়া-আসা করে, সেসব গাড়ির জন্য আলাদা টার্মিনাল করতে হবে। এ ছাড়া নগরের যানজট কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলাদা বাস চালু করারও পরামর্শ দেন তিনি।

বিআরটিএর পরিসংখ্যান উল্লেখ করে মাসুদ উল হাসান বলেন, নগরে যেসব গাড়ি নিবন্ধন করা হয়, তার ৮০ ভাগই ব্যক্তিগত গাড়ি। আর গণপরিবহন কেনা হয় মাত্র ৬ থেকে ৭ শতাংশ। ২০৪১-এ উন্নত দেশের যে স্বপ্ন, সেটি মাথায় নিয়ে কৌশলগত পরিকল্পনা করতে হবে। না হলে চট্টগ্রাম নগর স্থবির হয়ে যাবে।

গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা দরকার: পার্কিংয়ের জায়গার অভাবে হাজার হাজার গাড়ি রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে। পার্কিংয়ের জায়গা না থাকলে পুলিশ মামলা দেবে কী করে? যানজটের মূল কারণ ধরতে না পারলে পরিকল্পনা করে লাভ নেই বলে মন্তব্য করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) সভাপতি মৃণাল চৌধুরী। তিনি বলেন, প্রতিবছর রাস্তায় যত পরিমাণ গাড়ি নামছে, সে পরিমাণ দক্ষ চালক নেই। যেসব চালক আছেন, তাঁদের অনেকেই আইনকানুন জানেন না। তাঁদের প্রশিক্ষণ দরকার।

সড়ক দখলমুক্ত করা: একটি রাস্তা যদি ২৫ ফুট হয়, এর ১০ ফুট যদি হকার, ট্রাক ও কার পার্কিংয়ের মাধ্যমে দখল হয়ে যায়, তাহলে এর দায়দায়িত্ব কার বলে প্রশ্ন তুলেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, যদি রাস্তা দখলমুক্ত করা যায়, তাহলে যানজট ৯০ শতাংশ কমে যাবে। নগরের বিমানবন্দর সড়কের যানজট নিরসনের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের গেটওয়ে। তাই চট্টগ্রামকে যানজটমুক্ত করতে হবে। নগরে উড়ালসড়ক ও ওভারপাস হচ্ছে। এগুলো দরকার আছে। কিন্তু মুরাদপুর থেকে যে উড়ালসড়কের নির্মাণ শুরু হয়েছে, সেটি যদি বিমানবন্দর পর্যন্ত না যায়, তাহলে সুফল পাওয়া যাবে না। কারণ, বিমানবন্দর থেকে শহরে আসতে আড়াই ঘণ্টা লেগে যায়। তাহলে বিদেশি ক্রেতারা কেন আসবেন? তিনি বলেন, বন্দরে প্রতিদিন ছয় হাজার গাড়ি ঢোকে এবং ছয় হাজার গাড়ি বের হয়। কাজেই ওই জায়গাটি দখলমুক্ত করা না গেলে অর্থনীতির ওপর একটি নেতিবাচক প্রভাব পড়বে।

খণ্ডিত উড়ালসড়ক নয়: মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণাধীন উড়ালসড়ক বিমানবন্দর পর্যন্ত বর্ধিত করার কথা ছিল। এখন শোনা যাচ্ছে, এটি বারিক বিল্ডিং মোড় থেকে কাঠগড় পর্যন্ত যাবে। অথচ সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল পুরো উড়ালসড়কের জন্য। খণ্ডিত হলে উড়ালসড়কটি কার্যকর হবে না বলে মন্তব্য করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মাহমুদ ওমর ইমাম।

গণপরিবহনকে উৎসাহিত করতে হবে: ১৯৯৫ সালে প্রণীত চট্টগ্রাম নগর মহাপরিকল্পনা অনুযায়ী পরিকল্পিত উন্নয়ন এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার ওপর জোর দেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি প্রকৌশলী সুভাষ বড়ুয়া। তিনি বলেন, গণপরিবহনকে উৎসাহিত করা হচ্ছে না। উড়ালসড়কের কারণে এখন যেখানে আগে যানজট হতো না, সেখানেও হচ্ছে। তিনি বলেন, কোনো সড়কে রিকশা কিংবা অন্যান্য যানবাহন বন্ধ করা হলে কেউ যেন আবার হরতালের ডাক না দেন। বাসচালককে দণ্ড দিলে যেন আবার আন্দোলনে না নামেন। যানজট নিরসনে দরকার রাজনৈতিক সদিচ্ছা। যদি সড়কের মোড়গুলো নিয়ন্ত্রণ করা যায় এবং অন্য কাজগুলো করা সম্ভব হয়, তাহলে যানজট ৭০ শতাংশ কমে যাবে।

বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ বলেন, মোড় থেকে দুই শ ফুট দূরে বাস দাঁড়ানোর জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে সাইনবোর্ড লাগানো হয়েছিল। কিন্তু সেখানে বাস দাঁড়ায় না। নগরবাসীরও সচেতনতা প্রয়োজন রয়েছে।