গণপরিবহনকে গুরুত্ব দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরে ব্যক্তিগত গাড়িতে মাত্র চার ভাগ মানুষ যাতায়াত করে। কিন্তু তারা সড়কের ৭০ ভাগ জায়গা দখল করে রাখে। এসব গাড়িতে গড়ে মাত্র দেড়জন যাত্রী বহন করে। অথচ এমন দেড়টি গাড়ির জায়গায় একটি বাসে প্রায় ৫০ জন যাত্রী যাতায়াত করে। তাই যাতায়াতের পরিকল্পনায় গণপরিবহনকে গুরুত্ব দিতে হবে।  

গতকাল কলাবাগানে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) কার্যালয়ে এক সেমিনারে একটি গবেষণার আলোকে এসব তথ্য জানানো হয়। ‘যাতায়াতে হাজার কোটি টাকার প্রকল্প, বাড়ছে মানুষের দুর্ভোগ; সরকারের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে পবা।

পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, নগরীর যানজটকে প্রাধান্য দিয়ে যাতায়াতব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়নি। সমন্বিত যোগাযোগ নীতিমালা অনুসারে যাতায়াত পরিকল্পনা করতে হবে। এর সঙ্গে পথচারীদের যাতায়াতব্যবস্থাকেও প্রাধান্য দিতে হবে। পরে সাইকেল চলাচলের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।

পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান বলেন, ঢাকা শহরের যানজটের অন্যতম প্রধান কারণ ব্যক্তিগত কারের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়া। এ ছাড়াও রয়েছে সড়ক ও ফুটপাতে গাড়ি পার্কিং, গণপরিবহন থামার নির্ধারিত স্থান না থাকা, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা, সিটি করপোরেশনের আবর্জনা ও কনটেইনার দ্বারা রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি করা এবং সমন্বিত যানবাহনের অভাব। অথচ সুষ্ঠু যাতায়াতব্যবস্থার জন্য দরকার সমন্বিত পরিকল্পনা। এর পাশাপাশি ঢাকার চারদিকে সার্কুলার ট্রেন চালু করা, ঢাকার আশপাশের শহরগুলোর সঙ্গে রেল যোগাযোগ স্থাপন ও উন্নয়ন এবং তৃতীয়ত গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে পৃথক লেনে বাস চালু করা প্রয়োজন।

আবু নাসের খানের সভাপতিত্বে সেমিনারে পবার যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন চৌধুরী, সম্পাদক সৈয়দ মাহাবুবুল আলম, সহসম্পাদক শাহীন আজিজ, এম এ ওয়াহেদ ও নিশাত মাহমুদ, সদস্য রাজিয়া সামাদ, ক্যামেলিয়া চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।