পরিবহনমালিকদের সঙ্গে চট্টগ্রামের মেয়রের বৈঠক
গণপরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে নানা পরিকল্পনা
চট্টগ্রাম নগরে গণপরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে মোড়গুলো থেকে ১০০ গজ দূরে আধুনিক যাত্রীছাউনি নির্মাণ, অবৈধ গাড়ি চলাচল নিষিদ্ধ করাসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রাম নগর ভবনে আয়োজিত পৃথক দুটি সভায় সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব পরিকল্পনার কথা বলেন।
বেলা পৌনে একটায় শুরু হওয়া প্রথম অধিবেশনে সিএনজিচালিত অটোরিকশা ও হিউম্যান হলার মালিক সংগঠনের নেতাদের সঙ্গে এবং বেলা আড়াইটায় শুরু হওয়া দ্বিতীয় অধিবেশনে ট্রাক, কাভার্ড ভ্যান, প্রাইম মুভার ও বাসমালিকদের সংগঠনের নেতাদের সঙ্গে মেয়র বৈঠক করেন।
স্বাগত বক্তব্যে মেয়র নাছির উদ্দীন বলেন, নগরের সড়ক মোড়গুলো থেকে কমপক্ষে ১০০ গজ দূরে আধুনিক যাত্রীছাউনি নির্মাণ করা হবে। সেই যাত্রীছাউনির সামনেই কেবল যাত্রী ওঠানামা করা যাবে। যাত্রীছাউনিগুলোতে ওয়াইফাই, হেল্প ডেস্ক ও শৌচাগারের সুবিধা থাকবে।
মেয়র আরও বলেন, নগরে কোনো অবৈধ যানবাহন থাকবে না, চলতে পারবে না। অবৈধ যান চলাচল নিষিদ্ধ হলে নগরের যানজট সহনীয় পর্যায়ে চলে আসবে।
প্রথম অধিবেশনে সিএনজিচালিত অটোরিকশা ও অটোটেম্পো এবং হিউম্যান হলারের ১২টি মালিক সংগঠনের নেতারা তাঁদের সমস্যার কথা তুলে ধরেন।
আলোচনায় অংশ নিয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী বলেন, চট্টগ্রামে যানজট তৈরি হওয়ার মতো গাড়ি নেই। সুষ্ঠু সড়ক ব্যবস্থাপনা থাকলে যানজট অনেক কমে আসবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন বলেন, উত্তর চট্টগ্রাম থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা অক্সিজেন মোড় ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এবং দক্ষিণ চট্টগ্রাম থেকে আসা অটোরিকশা শাহ আমানত সেতু এলাকায় পার্কিং করা হচ্ছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান বলেন, অতিরিক্ত রিকশা চলাচল যানজট সৃষ্টির একটি বড় কারণ। নগরে রিকশা চলাচল সীমিত করা হবে।
প্রাইম মুভার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমেদ বলেন, চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে ১১ হাজার প্রাইম মুভার (৬০ ফুট দৈর্ঘ্যের গাড়ি) রাস্তায় নামানো হয়েছে। অথচ চট্টগ্রামে কোনো ট্রাক টার্মিনাল নেই। এ কারণে নগরে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই বন্দর এলাকায় বড় টার্মিনাল প্রয়োজন। তিনি ভারী যানবাহনের চালকদের লাইসেন্স দেওয়া আরও সহজ করার দাবি জানান।
বিআরটিএর উপপরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ এ প্রসঙ্গে বলেন, ভারী গাড়ির চালকদের লাইসেন্স দেওয়ার শর্ত সহজ করতে প্রস্তাব ঢাকায় পাঠানো হবে।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, প্রস্তাবিত বে-টার্মিনালের পাশে (পতেঙ্গা সমুদ্র এলাকা) ট্রাক টার্মিনালের জন্য জায়গা দেওয়া যেতে পারে। ওই জায়গায় ট্রাক টার্মিনাল হলে অনেক গাড়ি রাখা সম্ভব হবে।
মেয়র নাছির এ প্রসঙ্গে বলেন, ‘বন্দরসংলগ্ন রেলের জায়গায় আরেকটি ট্রাক টার্মিনাল করার ব্যাপারে আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলব।’