গণপরিবহনে ই-টিকিটিং চালু করতে চুক্তি সই
ই-টিকিটের মাধ্যমে গণপরিবহনের ভাড়া মেটানোর লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংকের সঙ্গে একটি চুক্তি সই করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি সই হয়।
ডিটিসিএ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি সংস্থা। মন্ত্রণালয় বলেছে, সব পরিবহনে ই-টিকিট চালুর বিষয়ে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) সহায়তায় একটি প্রকল্প নিয়েছে ডিটিসিএ। এই প্রকল্প বাস্তবায়িত হলে একটি বিশেষ কার্ডের মাধ্যমে গণপরিবহনের ভাড়া পরিশোধ করা যাবে। এই কার্ডের নাম দেওয়া হয়েছে ‘র্যাপিড পাস’। কার্ডধারী ব্যক্তিদের ভাড়া পরিবহন কর্তৃপক্ষকে মেটাবে ব্যাংক। এর জন্য ব্যাংক কমিশন পাবে।
র্যাপিড পাস ব্যবহারকারীরা মেট্রোরেল, বিশেষ লেনের মাধ্যমে পরিচালিত বাস (বিআরটি), সরকারের পরিবহন সংস্থা বিআরটিসির বাস, ট্রেন ও বিআইডব্লিউটিসির লঞ্চের টিকিট কাটতে পারবেন। বেসরকারি পরিবহনমালিকদেরও এর আওতায় আনার চেষ্টা চলছে বলে ডিটিসিএর কর্মকর্তারা জানিয়েছেন।
এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩৯ কোটি টাকা। এর মধ্যে জাইকা দেবে সাড়ে ২৮ কোটি টাকা এবং সরকার খরচ করবে সাড়ে ১০ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৮ সালের জুন পর্যন্ত।
গতকাল চুক্তিতে ডিটিসিএর পক্ষে সংস্থার নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন মজুমদার এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শিরিন সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, জাইকার প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা, ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ প্রমুখ।