গণপরিবহনে জোর দেওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে ব্যক্তিগত গাড়ির আধিক্যের কারণে যানজটসহ নানা সমস্যা বাড়ছে। টেকসই পরিবহনব্যবস্থার জন্য ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ করে গণপরিবহনে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন নগর পরিকল্পনাবিদেরা। গতকাল শনিবার চট্টগ্রাম নগরে আয়োজিত এক নাগরিক সংলাপে তাঁরা এসব কথা বলেন।
‘টেকসই পরিবহন ব্যবস্থা ও চট্টগ্রাম’ শীর্ষক এ নাগরিক সংলাপের আয়োজন করে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম। নগরের জিয়া স্মৃতি জাদুঘর মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা। সংলাপ সঞ্চালনা করেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার।
নাগরিক সংলাপে ‘টেকসই পরিবহন ব্যবস্থা ও চট্টগ্রাম’ বিষয়ে প্রবন্ধ পাঠ করেন ফোরামের সহসভাপতি প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া। তিনি বলেন, শহরের পরিবহনব্যবস্থা নিয়ে কোনো পরিকল্পনা না থাকায় যানজট নিত্য সমস্যায় পরিণত হয়েছে।
নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ আলী আশরাফ বলেন, ‘অপরিকল্পিত উন্নয়ন থামাতে প্রয়োজনে আদালতের আশ্রয় নেওয়া যায়। কারণ, কর্তাব্যক্তিরা পরিকল্পিত উন্নয়নের জন্য আমাদের কোনো কথা শুনছেন না।’
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ বলেন, যানজট কমাতে স্কুল ও অফিসের সময় পরিবর্তন করা যায় কি না, সেটি ভেবে দেখা দরকার।
সংলাপে স্থপতি আহমেদ জিননুর চৌধুরী বলেন, ‘আমরা সাইকেল চালাতে চাই। ফুটপাত চাই। কিন্তু নগরে একটু ফুটপাত আছে, একটু নেই। ফুটপাতে হাঁ করে আছে গর্ত। যেন মরণফাঁদ। এ অবস্থার অবসান চাই।’
সংলাপে আরও বক্তব্য দেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হক, স্থপতি জেরিনা হোসাইন, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মুছা কলিমুল্লাহ প্রমুখ।