গণপরিবহনে নারী ও শিশুবান্ধব পরিবেশ তৈরির আহ্বান
আসন নেই বলে নারীদের গণপরিবহনে উঠতে না দেওয়া, সংরক্ষিত আসনের অপ্রতুলতা, পরিবহনে উঠতে গিয়ে প্রতিনিয়ত লাঞ্ছনাসহ বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন নারীরা। নগর ও যাতায়াত পরিকল্পনায় নারীদের অংশগ্রহণ এবং আইনের প্রয়োগ বাড়ানো দরকার।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিতকরণে পদক্ষেপ নিন’ শীর্ষক এক মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। অ্যাকশনএইড বাংলাদেশ, নারীপক্ষ, পিএসটিসি, আইন ও সালিশ কেন্দ্র, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এইড ফাউন্ডেশন, স্বপ্নের সিঁড়ি ও ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট সম্মিলিতভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে শিক্ষা এবং কর্মক্ষেত্রে নারীর পদচারণ অনেক বেড়েছে। নগরীতে প্রতিদিন কয়েক লাখ নারী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও কর্মক্ষেত্রে যাতায়াত করেন। কিন্তু তাঁদের কর্মস্থলে বা গন্তব্যে যেতে গণপরিবহনে প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।
ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের মারুফ হোসেন বলেন, নগরীর ৪১ শতাংশ নারী লাঞ্ছনার শিকার হন। লাঞ্ছনা এড়াতে ১৩ শতাংশ নারী গণপরিবহন ব্যবহার করা থেকে বিরত থাকেন। এতে নারীদের কর্ম, স্বাস্থ্য ও শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
অ্যাকশনএইডের গীতা রানী অধিকারী বলেন, গণপরিবহন মানেই হচ্ছে পুরুষ, নারী, শিশু, বৃদ্ধসহ সমাজের সব মানুষের পরিবহন। অথচ এই গণপরিবহনে নারীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের শিরোপা কুলসুম বলেন, গণপরিবহনে নারীর ভোগান্তি লাঘবে পুরুষেরা যদি দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাহলে নারীদের স্বচ্ছন্দে যাতায়াতের সমস্যা সমাধান করা সম্ভব।
নারীপক্ষের মাকসুদা বেগম বলেন, বাসচালক ও হেলপারদের নারী যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করা থেকে বিরত রাখার ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।