গণপরিবহনে নৈরাজ্য
চট্টগ্রাম মহানগর এলাকার কয়েকটি রাস্তা চওড়া করা হয়েছে। তবে এর সুবিধা পাচ্ছেন না নগরবাসী। কারণ, যেখানে সেখানে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো, রাস্তাগুলোকে পার্কিং হিসেবে ব্যবহার এবং বিভিন্ন মোড়ে বাস-টেম্পোর আর ট্রাকের অবৈধ স্ট্যান্ড থাকার কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
এ নৈরাজ্যের কারণে চট্টগ্রাম মহানগরের ইপিজেড ও জিইসি মোড়, মুরাদপুর, বহদ্দারহাট, আন্দরকিল্লা, নিউমার্কেট, বাদামতলী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট লেগেই থাকছে। শহর থেকে বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্রসৈকতে যাতায়াতের রাস্তাটি সব সময় যানজট থাকে। বিশেষ করে ইপিজেডের মোড়ে বিরক্তিকর যানজটে আটকা পড়ে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। এতে কর্মঘণ্টা নষ্ট এবং ভোগান্তি বাড়ছে নগরবাসীর।
নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যানজট সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে কর্ণফুলী সেতু এলাকায় আমরা বাসের জন্য আলাদা লেন করেছি। মুরাদপুর থেকে অবৈধ টেম্পোস্ট্যান্ড উচ্ছেদ করেছি। এ ছাড়া মুরাদপুর, ষোলশহর ও জিইসি মোড়ে বাস চলাচলের জন্য আলাদা লেন করা হয়েছে। ফলে ওই এলাকাগুলোতে যানজট কিছুটা সহনীয় পর্যায়ে নেমে এসেছে।’
সিডিএর প্রধান প্রকৌশলী মো. জসিমউদ্দিন চৌধুরী বলেন, ‘পতেঙ্গার রিং সড়ক এবং ফৌজদারহাট-বায়েজিদ লুপ সড়ক নির্মাণের জন্য দরপত্র আহ্বানের প্রস্তুতি চলছে। শিগগির দুটি বিকল্প সড়কের বাস্তবায়নের কাজ শুরু হবে।’
চট্টগ্রাম মহানগর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক নগরে যানজটের কথা স্বীকার করে বলেন, ‘যাত্রীরা যে জায়গায় ওঠা-নামা করবে, সেগুলো রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার দখলে থাকে। অথচ একই মোড়ে পাঁচ-সাতটি বাস এলে যাত্রী ওঠা-নামা করানোর সুযোগ থাকে না। এর জন্য কেবল বাসচালকদের দায়ী করলে ভুল হবে।’
সিডিএর প্রধান প্রকৌশলী জসিমউদ্দিন চৌধুরী বলেন, ‘এ মুহূর্তে আমাদের কাছে ম্যাজিস্ট্রেট নেই। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আপাতত বন্ধ রয়েছে। ম্যাজিস্ট্রেট পাওয়া গেলে রাস্তা থেকে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করা যাবে।’
সরেজমিনে দেখা গেছে, মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্ত চওড়া রাস্তাটির দুই পাশ ট্রাকস্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। একইভাবে দেওয়ানহাটের ডিটি সড়ক, ষোলশহর-অক্সিজেন সড়কের আংশিক এখন ট্রাকস্ট্যান্ড। নগরে স্থায়ী ট্রাক টার্মিনাল এবং তিনটি প্রবেশপথে আলাদা তিনটি বাস টার্মিনাল নির্মাণ জরুরি। কর্ণফুলী নদীর দক্ষিণ তীর, ফৌজদার ও হাটহাজারী সড়কের বালুছড়ায় তিনটি বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে সিডিএর। প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে সিডিএর প্রধান প্রকৌশলী কিছুই জানাতে পারেননি।