গণপরিবহনে বকশিশের নামে জবরদস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মানুষ ঢাকা ছাড়ছে। ইতিমধ্যে অনেকে ঢাকা ছেড়েছে। রাজধানীর প্রধান সড়কগুলো প্রায় নিরিবিলি। এই ফাঁকা ঢাকায় ঈদের বকশিশের নামে গণপরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে মূল ভাড়ার সমপরিমাণ টাকা অতিরিক্ত আদায় করার অভিযোগ করেছেন যাত্রীরা।
মিরপুর ১ নম্বর থেকে সদরঘাট পর্যন্ত চলে তানজিল পরিবহনের বাস। মিরপুর থেকে সদরঘাটের নিয়মিত ভাড়া ২৫ টাকা। এই বাসে ফার্মগেটের ভাড়া ১৫ টাকা এবং গুলিস্তানের ভাড়া ২০ টাকা। গতকাল রোববার সকালে দেখা যায়, বাসে ফার্মগেট, গুলিস্তানের কোনো যাত্রী উঠতে দেওয়া হচ্ছে না। শুধু সদরঘাটের যাত্রী তোলা হচ্ছে, ভাড়া ৫০ টাকা। নিরুপায় যাত্রীরা সেই ভাড়াতেই উঠতে বাধ্য হচ্ছেন।
মূল ভাড়ার সমপরিমাণ বকশিশের নামে আদায়কে জুলুম বলে মনে করছেন একাধিক যাত্রী। পরিবারের তিন সদস্য নিয়ে বাসে উঠেছেন ইলিয়াস মিয়া। তিনি বলেন, ‘বকশিশ তো মানুষ খুশি হয়ে দেবে। এরা তো গায়ের জোরে বকশিশ নিচ্ছে। চারজনের বকশিশই দিতে হলো ১০০ টাকা।’
ঢাকার বিভিন্ন পথে চলাচলকারী লেগুনা বা হিউম্যান হলারগুলোতেও বকশিশের নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। লেগুনায় মিরপুর ১ নম্বর থেকে মহাখালীর ভাড়া ২০ টাকা। নেওয়া হচ্ছে ২৫ টাকা।
অতিরিক্ত ভাড়া আদায় বিষয়ে এসব যানবাহনের চালক ও চালকের সহকারীরা বলছেন, ঈদের আগে-পরের তিন-চার দিন তাঁরা যাত্রীদের কাছ থেকে কিছু টাকা বেশি রাখেন। এটা নতুন কিছু নয়। এই বকশিশ মূল ভাড়ার চেয়ে কম। বেশির ভাগ ক্ষেত্রে ভাঙতি টাকাটা তাঁরা চেয়ে রেখে দেন।
ঘরে ফেরা মানুষের গন্তব্য ছিল গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, সদরঘাট, কমলাপুরসহ বিভিন্ন স্টেশনে। শ্যামলী থেকে সদরঘাট যেতে ৪০০ টাকা ভাড়া চাইছিলেন সিএনটি স্কুটারচালক। যাত্রী জাহান আলী বললেন, ‘ফাঁকা রাস্তা, যানজট নেই। মিটারে গেলে বড়জোর ২০০-২২০ টাকা আসবে। ২৫০ টাকা দিতে চাইলাম। তা-ও রাজি হচ্ছে না।’