গণপরিবহনে লক্কড়-ঝক্কড় বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনের বাতি জ্বলে না, পেছনের পথনির্দেশক বাতিও (ইন্ডিকেটর) নেই। জানালার কাচ ভাঙতে ভাঙতে অবশিষ্ট আছে দু–একটি। এক রুটে চলার কথা, চলে অন্য রুটে। ভাড়ার ক্ষেত্রে মানা হয় না সরকারি বিধি। শরীরে শেষ কবে রঙের প্রলেপ পড়েছিল, মালিকও হয়তো ভুলে গেছেন। রাজধানীতে চলাচল করা অধিকাংশ বাসের অবস্থাই এমন।
ফিটনেসবিহীন এমন বাসসহ বিধি অনুযায়ী চলে না এমন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৫ মার্চ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বুধবার ডিএসসিসি পক্ষ থেকে তিনটি আদালত পরিচালনা করা হয়।
ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা শামসুল আলমের তথ্য অনুযায়ী, গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, দনিয়া এলাকায় ও বাবুবাজার ব্রিজের সামনে তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব আদালতে মোট ৭৭টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯০০ টাকা। তিনজন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আটটি যানবাহন ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকেও আগারগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও জুরাইন এলাকায় পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সরেজমিনে গত দুই দিন আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখা গেছে, আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেসব বাস আটক করেন, তাঁর প্রায় সব কটিতেই কোনো না কোনো ত্রুটি রয়েছে। ওই সব বাস বা চালকের বিরুদ্ধেই আইন না মানার কারণে ইতিমধ্যে এক বা একাধিক মামলা হয়েছে। দেখা গেছে, আদালত পরিচালনার সময় অনেক ক্ষেত্রেই দায়িত্বরত পুলিশ বা আনসার সদস্যদের নির্দেশনা মানেন না চালকেরা। পুলিশ বা আনসার সদস্যরা আদালতের সামনে বাসের কাগজপত্র ও চালক লাইসেন্স উপস্থাপনের জন্য বাস থামানোর নির্দেশনা দিলেও চালকেরা তা মানছেন না। সুযোগ পেলেই দ্রুতগতিতে বাস চালিয়ে তাঁরা পালিয়ে যাচ্ছেন। ফলে আদালত চলাকালে যতগুলো বাস ও চালকের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয়, তার অন্তত ১০ গুণ বাসের কাগজপত্র ও চালককে আদালতের সামনে উপস্থাপন করা সম্ভব হয় না।

আবার ভাঙাচোরা গাড়িগুলো যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকায় বিভিন্ন কারখানায় নিয়ে মেরামত করা হচ্ছে l ছবি: প্রথম আলো
আবার ভাঙাচোরা গাড়িগুলো যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকায় বিভিন্ন কারখানায় নিয়ে মেরামত করা হচ্ছে l ছবি: প্রথম আলো

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয় গতকাল দুপুর ১২টায়। সোয়া ১২টার দিকে মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগের দিকে লক্কড়-ঝক্কড় একটি বাস (ঢাকা মেট্রো জ ১১-২৭৮৭) আসতে দেখা যায়। বাসটির পেছনের পথনির্দেশক বাতি নেই। সামনের ও পেছনের গ্লাস দুটি ভাঙা। অধিকাংশ জানালায় কাচ নেই। আদালতের সামনের সড়ক দিয়ে বাসটি যাওয়ার সময় দায়িত্বরত আনসার সদস্যরা সেটি আটকানোর চেষ্টা করেন। কিন্তু ধীরে চলতে থাকা বাসটি হঠাৎ দ্রুতগতিতে চালিয়ে চলে যান চালক। এরপর আধঘণ্টায় এই সড়ক দিয়ে অন্তত ৫০টি বাস চলে যেতে দেখা গেছে। আনসার বা পুলিশ সদস্যদের কথায় চালক বাস থামাননি।
জানতে চাইলে বিআরটিএর নির্বাহী হাকিম মো. মুনিবুর রহমান বলেন, লোকবলসংকটের কারণে সব যানবাহন আটকানো সম্ভব হয় না। আদালতকে আরও কার্যকর করতে লোকবল বাড়াতে হবে। পথনির্দেশক বাতি ছাড়া বাস চলাচল সম্পর্কে তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে পথনির্দেশক বাতির বিকল্প নেই। বিধি অনুযায়ী এমন বাস সড়কে চলতে পারে না।
মুনিবুর রহমান ডিএসসিসির পক্ষ থেকে গতকাল আদালত পরিচালনা করেন দনিয়া এলাকায়। যানবাহনের ফিটনেস না থাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে তিনি ৫৩টি মামলা করেছেন, ডাম্পিংয়ে পাঠিয়েছেন আটটি যানবাহন। জরিমানা আদায় করেছেন ১ লাখ ১৫ হাজার টাকা এবং চালকের লাইসেন্স না থাকা তিনজনকে কারাগারে পাঠিয়েছেন। তিনি বলেন, আদালত পরিচালনার সময় অধিকাংশ বাসের রুট পারমিট না থাকা, অনুমোদিত আসনের অতিরিক্ত আসন তৈরি, বাসে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা না থাকা এবং থাকলেও অতিরিক্ত ভাড়া আদায়ের মতো অপরাধের প্রমাণ পাওয়া গেছে।