গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে মেয়রের নেতৃত্বে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নগর পরিবহনে নৈরাজ্য থামিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম হাউসে পরিবহনমালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।
এই কমিটি দ্রুততম সময়ের মধ্যে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বিদ্যমান জটিলতা নিরসন, অটোরিকশায় স্থায়ীভাবে মিটার প্রতিস্থাপন ও ভাড়া নির্ধারণের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। আর পুরোনো অটোরিকশার আয়ুষ্কাল নির্ধারণের জন্য বুয়েটের পরামর্শ নেওয়া হবে।
মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামে ১৩ হাজার অটোরিকশা চলার অনুমতি রয়েছে। কিন্তু পুরোনো পাঁচ হাজার অটোরিকশা রাস্তায় নেই। সে জায়গায় নতুন পাঁচ হাজার অটোরিকশা নিবন্ধনের প্রক্রিয়া শুরু করতে বিআরটিএকে বলা হয়েছে। তিনি বলেন, বিকল্প ব্যবস্থা না করে ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়া ঠিক হবে না।
মন্ত্রী বলেন, চট্টগ্রামে অটোরিকশার ভাড়া নিয়ে সমস্যা আছে। যাত্রীরা ভুক্তভোগী। পত্রিকার মাধ্যমে বিষয়টি প্রধানমন্ত্রীও জেনেছেন। সবার স্বার্থ সংরক্ষণ করে বিষয়টির সমাধান করতে হবে। মেয়রের নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দিন বলেন, উচ্চবিত্ত লোকজন গণপরিবহনে যাতায়াত করেন না। যাঁরা গণপরিবহনের যাত্রী, তাঁদের আয় সীমিত। তাই ভাড়া বেড়ে গেলে এই যাত্রীরা সমস্যায় পড়েন। এ ব্যাপারে মালিক, চালক, শ্রমিক ও যাত্রীদের স্বার্থ সমন্বয় করে সমাধানে আসতে হবে।
মতবিনিময় সভায় পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীসহ পরিবহন সেক্টরের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে মালিক-শ্রমিকদের বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা বৈধ ও অবৈধ গাড়ির চলাচল নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। এ জন্য সংগঠনগুলোর নেতারা একে অপরকে দায়ী করতে থাকেন। তাঁরা ব্যাটারিচালিত রিকশা তুলে দেওয়ারও দাবি জানান। তবে ভাড়া নিয়ে নৈরাজ্যের অভিযোগ অস্বীকার করেন। পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দেয়। পরে মন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীদের হয়রানি নিয়ে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব কথা বলার সময় চিৎকার করতে থাকেন মালিক ও শ্রমিকনেতারা। মহাসচিব বলেন, ‘মিটার না থাকার কারণে ৫০ টাকার ভাড়া ২০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে চালকেরা যাত্রীর কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে চান না। চালকেদের কাছে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছেন।’