গণপরিবহনের জরিপ কাল থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে গণপরিবহনের ফিটনেস যাচাইয়ে আগামীকাল শনিবার থেকে জরিপের কাজ শুরু হচ্ছে। পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নগর পুলিশের ট্রাফিক বিভাগ এই উদ্যোগ নিয়েছে। বাস, মিনিবাস, হিউম্যানহলার, টেম্পো এবং সিএনজিচালিত অটোরিকশার ওপর এই জরিপ হবে এবং তা চলবে ২৪ আগস্ট পর্যন্ত।
পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, নগরে বর্তমানে ১ হাজার ৪০০ বাসের বিপরীতে ১ হাজার ৮৪টি সচল রয়েছে। বাকি ৩১৬ বাসের হদিস নেই। একইভাবে ১ হাজার ৩১৪টি হিউম্যানহলারের বিপরীতে ১ হাজার ১৬৫টি এবং ২ হাজার ২৭৪ টেম্পোর বিপরীতে ১ হাজার ৪৭৫টি সচল রয়েছে। এই তিন শ্রেণির গণপরিবহন নগরের ৪৬ রুটে যাত্রী পরিবহন করে। এ ছাড়া নগরে ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচলের অনুমোদন রয়েছে। কিন্তু চলাচল করছে ১১ হাজারের কিছু বেশি। অর্থাৎ বাকি গাড়িগুলোর কোনো হদিস নেই। সিএনজিচালিত অটোরিকশা নগরের সব রাস্তায় চলাচল করতে পারে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, নগরের ৪৬টি রুটে চলাচলকারী যাত্রীবাহী গাড়ির ফিটনেস আছে কিনা এবং এক রুটের গাড়ি অন্য রুটে চলাচল করছে কিনা তা সরেজমিনে জরিপ করা হবে। ফিটনেস যাচাই শেষে প্রতিটি গাড়িতে স্টিকার লাগিয়ে দেওয়া হবে।
দেবদাস ভট্টাচার্য আরও বলেন, ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত সিআরবি এলাকায় জরিপ করা হবে। ৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে জরিপ হবে।
ট্রাফিক পুলিশের একাধিক দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গণপরিবহনগুলো নির্ধারিত রুট পরিবর্তন করে চলাচল করছে। রুট পরিবর্তনের জন্য পুলিশের কাছে আবেদন করতে হয়। সেটা অনেকেই মেনে চলছে না। জরিপ করার সময় এ বিষয়গুলো দেখা হবে।
ট্রাফিক পুলিশের উপকমিশনার (উত্তর) সুজায়েত ইসলাম বলেন, প্রতিটি গাড়ি নির্ধারিত রুটে চলাচল করে কিনা এবং গাড়িগুলোর ইঞ্জিন ও চেসিস নম্বর ঠিক আছে কিনা তা জরিপের সময় পরীক্ষা করে দেখা হবে।
তবে এই জরিপের সময় হয়রানির আশঙ্কা করছেন গণপরিবহন মালিকেরা। চট্টগ্রাম ফোরস্ট্রোক ও থ্রিহুইলার সাধারণ মালিক ঐক্য পরিষদের সভাপতি মহিউদ্দিন বলেন, পুলিশ গাড়ির ফিটনেস দেখার নামে যে জরিপ শুরু করতে যাচ্ছে তাতে মালিক-চালক ও যাত্রী হয়রানির শিকার হবেন। এ কাজগুলো বিএরটিএর এখতিয়ারভুক্ত। পুলিশের কাজ নগরে যানজট নিয়ন্ত্রণ করা এবং গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা তা দেখা।