গণপরিবহনের ভাড়া অর্ধেক করার দাবি
দূরপাল্লার পরিবহনের ভাড়া কিলোমিটারপ্রতি তিন পয়সা কমানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাদের দাবি, ডিজেলের মূল্য প্রতি লিটারে আরও ২০ টাকা কমিয়ে দিতে হবে। বাস, লঞ্চ ও রেলের ভাড়া অর্ধেকে নামিয়ে আনতে হবে।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতি এ দাবি জানায়। সংগঠনটি পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে সভা, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে আসছে।
যাত্রী কল্যাণ সমিতির বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ডিজেলের মূল্য প্রতি লিটারে আরও ২০ টাকা কমানো যায়। এটা করা হলে দেশে গণপরিবহনের ভাড়া অর্ধেকে নামিয়ে আনা যাবে।
সংগঠনটির দাবি, সরকার জ্বালানি তেলের মূল্য হ্রাসের পরিপ্রেক্ষিতে তিন পয়সা ভাড়া কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে যাত্রীরা কোনো উপকৃত হবে না। গত ২৬ বছরে চারবার জ্বালানি তেলের দাম কমলেও দেশের পরিবহন খাতে ভাড়া কমাননি মালিকেরা। উল্টো তাঁরা নানা অজুহাত দেখিয়েছেন। লঞ্চ ও ট্রেন ডিজেলে চললেও এই দুই পরিবহনে ভাড়া কমানো হয়নি।
সরকার সম্প্রতি ডিজেলের মূল্য লিটারপ্রতি তিন টাকা কমিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দূরের পথের বাসের ভাড়া কিলোমিটারপ্রতি তিন পয়সা কমিয়েছে। ১৫ মে এই নতুন ভাড়ার হার কার্যকর হবে।