গণপরিবহনের ভাড়া কমানোর দাবি ক্যাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম কমানোকে স্বাগত জানিয়ে অবিলম্বে গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম শাখা। তবে পেট্রল ও অকটেনের মতো কেরোসিন ও ডিজেলের দাম সমানভাবে না কমানোয় হতাশাও প্রকাশ করেছে সংগঠনটি।

আজ সোমবার এক বিবৃতিতে ক্যাব নেতারা এ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষর করেছেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা, সাধারণ সম্পাদক অজয় মিত্র প্রমুখ।
বিবৃতিতে বলা হয়, পেট্রল ও অকটেনের মূল্য প্রতি লিটারে ১০ টাকা কমানো হয়েছে। কেরোসিন ও ডিজেলের মূল্যও প্রতি লিটারে ১০ টাকা কমানো প্রয়োজন ছিল। কারণ ডিজেলের গ্রাহক বেশি। সংখ্যাগরিষ্ঠ গ্রাহকের প্রয়োজনকে বেশি গুরুত্ব না দেওয়া হতাশাজনক। তারপরও জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, এটি ইতিবাচক দিক।
বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। এখন এর অনুপাতে গণপরিবহনের ভাড়া কমাতে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। তা না হলে দাম কমানোর বিষয়টি সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলবে না। দেশে যখন জ্বালানি তেলের দাম বাড়ে, তখন গণপরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোর হিড়িক পড়ে যায়, কিন্তু যখন এর দাম কমে, তখন কোনো পণ্যের দাম কমার ইতিহাস নেই।