গণপরিবহনের ভাড়া কমানোর দাবি ক্যাবের
জ্বালানি তেলের দাম কমানোকে স্বাগত জানিয়ে অবিলম্বে গণপরিবহনের ভাড়া কমানোর দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রাম শাখা। তবে পেট্রল ও অকটেনের মতো কেরোসিন ও ডিজেলের দাম সমানভাবে না কমানোয় হতাশা প্রকাশ করেছে সংগঠনটি। গতকাল সোমবার এক বিবৃতিতে ক্যাব নেতারা এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, পেট্রল ও অকটেনের দাম প্রতি লিটারে ১০ টাকা কমানো হয়েছে। কেরোসিন ও ডিজেলের দামও প্রতি লিটারে ১০ টাকা কমানো প্রয়োজন ছিল। কারণ, এগুলোর গ্রাহক বেশি। সংখ্যাগরিষ্ঠ গ্রাহকের প্রয়োজনকে অধিক গুরুত্ব না দেওয়া হতাশাজনক। তারপরও জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, এটি ইতিবাচক দিক।
বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। এখন এর সঙ্গে সংগতি রেখে গণপরিবহনের ভাড়া কমাতে প্রয়োজন সরকারের কঠোর নজরদারি। দেশে যখন জ্বালানি তেলের দাম বাড়ে, তখন গণপরিবহনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানোর হিড়িক পড়ে যায়, কিন্তু যখন তেলের দাম কমে, তখন কোনো পণ্যের দাম কমার ইতিহাস নেই।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা, সাধারণ সম্পাদক অজয় মিত্র প্রমুখ।