গণপরিবহনের সংখ্যা বাড়ানোর দাবি
সাধারণ যাত্রীদের দুর্ভোগ কমানোর জন্য নগরে গণপরিবহনের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে কনজু৵মারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম শাখা। একই সঙ্গে যাত্রীদের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল মঙ্গলবার দেওয়া বিবৃতিতে সই করেছেন ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জেসমিন সুলতানা, সদস্যসচিব অজয় মিত্র প্রমুখ।
বিবৃতিতে বলা হয়, বিকল্প ব্যবস্থা গ্রহণ না করে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হয়রানি বেড়েছে। প্যাডেলচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ইচ্ছামতো ভাড়া আদায় করছেন। যাত্রীদের হয়রানি দূর করতে অবিলম্বে নগরে লক্কড়ঝক্কড় বাসগুলোর পরিবর্তে নতুন বাস নামানো এবং দ্বিতল বাস, টেম্পো ও মিনিবাসের সংখ্যা বাড়ানো প্রয়োজন। সিএনজিচালিত অটোরিকশাগুলো যাতে আইন মেনে মিটারে যেতে বাধ্য হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।