গণপরিবহন-ব্যবস্থার উন্নয়নে জরিপ শুরু হচ্ছে নভেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের অর্থায়নে একটি পরামর্শক প্রতিষ্ঠান চট্টগ্রাম নগরের গণপরিবহন-ব্যবস্থার উন্নয়নে কী করা দরকার তা নিয়ে জরিপ পরিচালনা করবে। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সভাকক্ষে অনুষ্ঠিত ‘চিটাগং আরবান ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স’ শীর্ষক সভায় বিষয়টি জানানো হয়।
সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে ‘ইজেন কনসালটেন্ট লিমিটেড’ নামের একটি পরামর্শক প্রতিষ্ঠান নগরের গণপরিবহন-ব্যবস্থার উন্নয়নে নভেম্বর থেকে জরিপকাজ শুরু করবে। এক বছর পর্যন্ত এ জরিপ চলবে।
শাহীনুল ইসলাম খান বলেন, দ্রুত সময়ের মধ্যে বেশিসংখ্যক মানুষকে কীভাবে বসবাসের এলাকা থেকে কর্মস্থলে আনা-নেওয়া করা যায়, সে বিষয়ে জরিপ করা হবে। গণপরিবহন-ব্যবস্থা কী কী উপায়ে সহজলভ্য করা যায়, তা-ও খুঁজে বের করা হবে। আর নগরবাসীর সাক্ষাৎকার নেওয়া হবে এবং তিন মাস পর পর জরিপের অগ্রগতি নিয়ে কর্মশালা পরিচালনা করা হবে।
সভায় পরামর্শক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে চট্টগ্রাম নগরের পরিবহন-ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়। সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম নগরের পরিবহন-ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের এ উদ্যোগে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সিনিয়র আরবান ট্রান্সপোর্ট স্পেশালিস্ট শিগে সাকাকি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের টিম লিডার ডেভিড ইংহাম, সিনিয়র কনসালট্যান্ট ডেভিড ব্রেনিগ জোনস, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ শামসুল আলম, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের ম্যানেজার ফয়সাল রাব্বি, সিডিএর প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন চৌধুরী, প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান প্রমুখ।