চট্টগ্রাম নগরে ত্রুটিপূর্ণ এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান শুরুর পর নগরে ফিটনেসবিহীন গাড়ি চলাচল কমে যায়। এতে দুপুরের পর নগরে গণপরিবহনের সংকট দেখা দেয়।
নগরের টাইগারপাস ও সিআরবি এলাকায় অভিযান চালান চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার তামিম আল ইয়ামিন। আদালত ভবন এলাকায় অভিযান চালান জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোহাম্মদ রুহুল আমিন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর পর নগরে ফিটনেসবিহীন গাড়ি চলাচল কমে আসে। এতে দুপুরের পর নগরের ষোলশহর, জিইসির মোড়, আগ্রাবাদ, নিউমার্কেট ও বহদ্দারহাটসহ বিভিন্ন স্থানে গণপরিবহনের সংকট দেখা দেয়। এ কারণে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়। অনেক মানুষকে নগরের বিভিন্ন মোড়ে দীর্ঘ সময় গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। অনেককে ট্রাক ও পিকআপে চড়ে গন্তব্যে যেতে দেখা যায়।
বিকেলে নগরের ষোলশহর ২ নম্বর মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন আবদুর রশিদ নামের এক ব্যক্তি। তিনি বলেন, ‘হঠাৎ করে রাস্তায় বাসের সংখ্যা কমে গেছে। এ কারণে ১৫-১৬ মিনিট অপেক্ষা করার পরও বাস পাচ্ছি না।’
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার তামিম আল ইয়ামিন প্রথম আলোকে জানান, ত্রুটিযুক্ত গাড়ি চালানো ও হেলমেট না পরে মোটরসাইকেল চালানোর সময় ১১টি গাড়ির চালককে জরিমানা করা হয়েছে। এ ছাড়া লাইসেন্স না থাকায় কয়েকজন চালককে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার মোহাম্মদ রুহুল আমিন জানান, আদালত ভবনে প্রবেশ এবং বের হওয়ার পথে গাড়ি পার্ক করে ১৫ চালক প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ কারণে ওই ১৫ জনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আইন ভঙ্গের জন্য আরও চারটি মোটরসাইকেলের চালককে জরিমানা করা হয়েছে।