গণপরিষদ সদস্য ইসহাক মিয়ার ইন্তেকাল

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ ইসহাক মিয়া (৮৭) গতকাল সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন।
ইসহাক মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোক প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে প্রথম এবং বেলা দুইটায় আগ্রাবাদ লাকী প্লাজার সামনে দ্বিতীয় জানাজার পর হাজীপাড়ার পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।
ইসহাক মিয়া ১৯৭০ সালের নির্বাচনে গণপরিষদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৮৬ সালে সংসদ নির্বাচনে বন্দর-আগ্রাবাদ আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হন। মৃত্যুর আগে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।