গণপরিষদের সদস্যের বিরুদ্ধে একাত্তরে হত্যা লুটের মামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন বর্তমানে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের আওয়ামী লীগের সাংসদ মোসলেম উদ্দিন। মুক্তিযুদ্ধের সময় তাঁর বাড়িঘর পুড়িয়ে দেয় পাকিস্তান সেনাবাহিনী। ১৯৭১ সালের অক্টোবরের শেষের দিকে আত্মগোপনে থাকা অবস্থায় আটক হন তিনি। পাকিস্তান সেনাবাহিনী তাঁর ওপর নির্যাতন চালায়। ময়মনসিংহ মুক্ত হলে মুক্তিযোদ্ধারা তাঁকে উদ্ধার করেন। মুক্তিযুদ্ধের পর গঠিত গণপরিষদের সদস্য হন মোসলেম উদ্দিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সংবিধানে তাঁরও স্বাক্ষর আছে। সেই মোসলেম উদ্দিনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ তুলে মামলা করেছেন ফুলবাড়িয়ার উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জালাল উদ্দিন। গতকাল মঙ্গলবার ময়মনসিংহের মুখ্য বিচারিক হাকিম আদালতে করা এ মামলায় মোসলেম উদ্দিনসহ ১৪ জনকে আসামি করা হয়। আদালত সূত্রে জানা গেছে, মামলার আরজিতে বাদী দাবি করেছেন, মোসলেম উদ্দিন মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিলেন। তিনি বক্তৃতা-বিবৃতি দিয়ে পাকিস্তানের পক্ষে জনমত সংগ্রহ করেন। তিনি ও অপর আসামিরা স্থানীয় আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা এবং মামলার বাদীসহ তাঁর বাড়ির আশপাশের লোকজনের বাড়িঘর পুড়িয়ে দেন। তাঁরা উপজেলার কুশমাইল গ্রামের বসু চৌধুরী, উপজেলা সদরের মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, ভালুকজান গ্রামের তিন সহোদর তালেব আলী, সেকান্দর আলী ও আলতালীকে হত্যা করে ভালুকজান নদীতে ফেলে দেন। আসামিরা শহীদুল্লাহ মাস্টার ও ছাবেদ আলীসহ বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করেন।গত রাতে যোগাযোগ করা হলে মোসলেম উদ্দিন প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধের শুরুতে ময়মনসিংহ থেকে ২৫টি রাইফেল জোগাড় করে তিনি এলাকায় মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছেন। তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি রশিদ উদ্দিন ভূঁইয়ার সঙ্গে তিনি এপ্রিল মাসে ভারতে যান। তাঁরা ময়মনসিংহকে মুক্ত রাখতে মধুপুরে পাকিস্তান সেনাবাহিনীকে প্রতিহত করেন। কিন্তু মুক্তিযোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান। অক্টোবর মাসের শেষের দিকে পাকিস্তান সেনাবাহিনী তাঁকে আটক করে। ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত হওয়ার পর তিনি বন্দিদশা থেকে মুক্তি পান।মোসলেম উদ্দিন বলেন, ‘১৯৭০-এর নির্বাচনে পাকিস্তানে জাতীয় পরিষদ ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্যদের মধ্যে যে ২১ জন পাকিস্তানের পক্ষে ছিলেন, তাঁরা মুক্তিযুদ্ধের পর গঠিত গণপরিষদের সদস্য হতে পারেননি। কিন্তু আমি গণপরিষদের সদস্য ছিলাম। গণপরিষদের সদস্য হিসেবে প্রথম সংবিধানে আমার সইও আছে। কাজেই আমি পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে ছিলেন—এ অভিযোগ ডাহা মিথ্যা।’ তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী তাঁর বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল। এখনো সেভাবেই আছে ওই বাড়ি।সাংসদ মোসলেম উদ্দিন বলেন, বর্তমান সরকার একাত্তরের মানবতাবিরোধীদের বিচারের যে উদ্যোগ নিয়েছে, তাকে বাধাগ্রস্ত করতেই এই মামলা করা হয়েছে। স্থানীয় ফ্রিডম পার্টির নেতা ইদ্রিস আলী ও তাঁর ভাই আবদুস সালামের প্ররোচনায় তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। মামলার বাদীদের বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে জানান তিনি।সাংসদ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে করা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ সদর আসনের সাংসদ মতিউর রহমান, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সাবেক সাংসদ খন্দকার আবদুল মালেক শহীদুল্লাহ, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাবেক সাংসদ জোবেদ আলী এবং ফুলবাড়িয়া উপজেলার সাবেক এমএলএ আ ন ম নজরুল ইসলামসহ বেশ কয়েকজনকে সাক্ষী করা হয়েছে।মতিউর রহমান এখন বিদেশে আছেন। খন্দকার আবদুল মালেকের মুঠোফোনটি বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। জোবেদ আলীকে ফোন করা হলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি অসুস্থ এবং ঘুমিয়ে আছেন। কথা বলতে পারবেন না।বিচারক লুত্ফর রহমান অভিযোগ গ্রহণ করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাইদুর রহমানকে নির্দেশ দিয়েছেন। ওসি সাইদুর রহমান জানান, আদালতের কাগজপত্র পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।বাকি আসামি: মামলায় ফয়জাল বারী (৬১), ছামাদ মাস্টার ওরফে টিক্কা খান (৭৫), আবদুল জব্বার (৬০), আবদুল মণ্ডল (৮০), মফিজ উদ্দিন ওরফে মফে (৮০), রিয়াজ উদ্দিন ফকির (৭২), আবদুল জব্বার (৬৮), মুখছেদ আলী (৭০), আমজাদ আলী (৭৫), এবাদুল্লাহ (৭০), মুখছেদ আলী (৮০), ওহেদ আলী মুন্সি (৮০) ও সোহরাব আলীকেও (৭৮) আসামি করা হয়েছে।