গণপাঠাগার চালুর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদের খানিকটা পশ্চিমে অবস্থিত উপজেলার একমাত্র গণপাঠাগারটি দীঘদিন ধরে বন্ধ রয়েছে। এটি দ্রুত চালুর দাবিতে গতকাল বুধবার সকালে ধরমপাশা-জয়শ্রী সড়কে মানববন্ধন করে স্থানীয় সচেতন ছাত্রসমাজ নামের একটি সংগঠন।
এতে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৩ সালে পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়। এর কার্যক্রম ভালোভাবেই চলছিল। ২০০৪ সালে ভয়াবহ বন্যায় এ পাঠাগারে পানি ঢুকে বেশ কিছু মূল্যবান বই ও আসবাবপত্র নষ্ট হয়। ফলে বন্ধ হয়ে যায় পাঠাগারের কার্যক্রম। ২০০৭ সালের জানুয়ারির প্রথম দিকে উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর সহায়তায় পুনরায় এটি চালু করা হয়।
২০০৮ সালের ১০ মার্চ রাতে দুর্বৃত্তরা এ পাঠাগার থেকে আট শতাধিক মূল্যবান বই ও কিছু আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। এর পর থেকেই এটিতে তালা ঝুলছে। সচেতন ছাত্রসমাজের আহ্বায়ক মবিন আনসারী বলেন, ‘পাঠাগারটি চালুর জন্য আমরা মানববন্ধন করেছি। দ্রুত এটি চালু করা না হলে এ নিয়ে ভবিষ্যতে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।’ ধরমপাশা সাহিত্য পরিষদের সভাপতি কবি আনিসুল হক লিখন বলেন, জ্ঞানার্জন, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা, দেশ-বিদেশের খবরাখবর জানার অন্যতম মাধ্যম হচ্ছে পাঠাগার। এটি চালু করার জন্য প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করলেও এখন পর্যন্ত এটি চালু হয়নি। বিষয়টি অত্যন্ত দুঃখ ও হতাশাজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, এটি প্রশাসনের ব্যবস্থাপনাধীন হলেও এ বাবদ সরকারি কোনো বরাদ্দ নেই। তবে শিগগিরই পাঠাগারটি চালুর ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।