গণপিটুনি ও ধারালো অস্ত্রের কোপে ৪ চরমপন্থী নিহত
কুষ্টিয়ায় জনতার গণপিটুনি ও ধারালো অস্ত্রের কোপে চারজন নিহত হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের সক্রিয় সদস্য।নিহত ব্যক্তিরা হলেন রেজাউল ইসলাম (৩০), সিরাজুল ইসলাম (৪৪), রবিউল ইসলাম (৪০) ও সাগর ওরফে মাফি (৩৮)। পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক, একটি এলজি, আটটি ককটেল ও বন্দুকের চারটি গুলি উদ্ধার করেছে। রেজাউল ইসলাম মিরপুর উপজেলার অঞ্জনগাছি, সিরাজুল ইসলাম স্বরূপদাহ, সাগর ওরফে মাফি স্বরূপদাহ পালপাড়া ও রবিউল ইসলাম উত্তর কাঠদহ গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা, অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে তিনটি পৃথক মামলা করেছে বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাত নয়টার দিকে মিরপুর উপজেলার কামারডাঙ্গা গ্রাম থেকে এক ব্যক্তিকে অপহরণের খবর পাওয়া যায়। কমিউনিটি পুলিশের সদস্য ও এলাকাবাসী তখন স্থানীয় মসজিদের মাইকে বিষয়টি প্রচার করে সবার সহযোগিতা চায়। এ সময় ওই এলাকাসহ আশপাশের হাজার হাজার মানুষ লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে নলকোলা গ্রামের মাঠ ঘিরে ফেলে। ক্ষুব্ধ এলাকাবাসী ওই গ্রামের মাঠে জনৈক মখলেছের কলাবাগানের মধ্যে চারজনকে ধরে পিটুনি দেয়। ঘটনাস্থলেই ওই চারজন মারা যান।রাতে চার চরমপন্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সেখানে হাজারো মানুষের ঢল নামে। রাতেই রাস্তার দুই পাশে হাজারো মানুষকে আনন্দ-উল্লাস করতে দেখা যায়। পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, তিনি রাত একটার দিকে মুঠোফোনে জানতে পারেন, নলকোলা এলাকায় গ্রামবাসী পিটিয়ে চার সন্ত্রাসীকে মেরে ফেলেছে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সি এ হালিমের ভাষ্য অনুযায়ী, নিহত ব্যক্তিরা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের সক্রিয় সদস্য। ১০ বছর ধরে তাঁরা এলাকায় খুন, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতি করে আসছিলেন। সম্প্রতি তাঁরা আরও ভয়াবহ হয়ে ওঠেন। তিনি জানান, নিহত রেজাউলের বিরুদ্ধে মিরপুর ও কুষ্টিয়া সদর থানায় চারটি হত্যাসহ নয়টি; সিরাজুল ইসলামের বিরুদ্ধে তিনটি হত্যাসহ ছয়টি; রবিউল ইসলামের বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি অপহরণ এবং সাগরের বিরুদ্ধে একটি হত্যাসহ তিনটি অপহরণের মামলা রয়েছে। পুলিশ সুপার শাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, এ চক্রের প্রধানসহ আরও সদস্য রয়েছে। আশা করা যায়, অচিরেই এ চক্রের প্রধানসহ অন্য ব্যক্তিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।