গণপিটুনিতে অটোরিকশা ছিনতাইকারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশে চালককে ছুরিকাঘাত করে একটি সিএনজি অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার গণপিটুনিতে ইদ্রিছ (২২) নামের এক ছিনতাইকারী নিহত ও তাঁর অন্য সহযোগী ফারুক (২৫) গুরুতর আহত হন।উপজেলার গাছবাড়িয়া বরকল বাংলাবাজারে গত সোমবার রাত ১০টায় এ ঘটনাটি ঘটে। নিহত ছিনতাইকারী আনোয়ারা উপজেলার বরুমছড়া গ্রামের জাকের আহমদের ছেলে। আহত অন্য ছিনতাইকারী একই গ্রামের সায়ের আহমদের ছেলে। আহত ফারুককে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাহত অটোরিকশার চালক ওসমান আলীকে (৩০) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পটিয়া লাউয়ারখীল গ্রাম থেকে যাত্রীবেশে চার-পাঁচ ছিনতাইকারী চন্দনাইশ যাওয়ার কথা বলে অটোরিকশায় ওঠে। এ সময় এটি পাঠানদণ্ডী বড়দিঘীরপাড়া এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা ওসমান আলীকে ছুরিকাঘাত করে তাঁর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। ওসমান আহত অবস্থায় মুঠোফোনে বিভিন্ন জায়গায় বিষয়টি জানান। ছিনতাইকারীরা বাংলাবাজার অতিক্রম করাকালে স্থানীয় শত শত জনতা অটোরিকশাটি আটক করে পিটুনি শুরু করে। এ সময় কৌশলে তিন ছিনতাইকারী পালিয়ে গেলেও ইদ্রিছ ও ফারুক জনতার রোষানলে পড়েন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাসহ আহত অবস্থায় দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ছিনতাইকারী দুজনকে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন ইদ্রিছ মারা যান। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি মামলা করা হয়েছে।