গণপিটুনিতে আহত ছিনতাইকারীর মৃত্যু
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গণপিটুনিতে আহত ছিনতাইকারী পাভেল মিয়ার মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাতে তার মৃত্যু হয়।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার বেগুনহাটি এলাকার বাসিন্দা ওসমান আলী ব্যাংক থেকে ৩০ হাজার টাকা তুলে নিয়ে গতকাল বিকেলে বাসায় পৌঁছান। কিছুক্ষণ পর পাভেলসহ দুই ব্যক্তি নিজেদের পল্লী বিদ্যুতের কর্মী পরিচয় দিয়ে ওসমান আলীর বাড়িতে ঢুকে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর ওসমানের কাছে ব্যাংক থেকে তুলে আনা টাকা দাবি করে পাভেল। টাকা দিতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে ওসমান আলী ও তাঁর স্ত্রী হারেছা বেগমের ওপর হামলা করে। গৃহকর্তা ও কর্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পাভেলকে আটক করে পিটুনি দেয়। মাথা ও পেটে গুরুতর আঘাত পেয়েছেন ওসমান। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর।