গণপিটুনিতে আহত জলদস্যুর মৃত্যু
নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে গণপিটুনির শিকার হয়ে আহত অবস্থায় পুলিশের হাতে গ্রেপ্তার জলদস্যু মো. ইউছুফ (৪৫) গতকাল বুধবার মারা গেছেন।
পুলিশ সূত্র জানায়, গত রোববার দিবাগত রাতে নিঝুম দ্বীপে ‘অপারেশন হাতিয়া’ চলাকালে পুলিশ জলদস্যু ইউছুফসহ চারজনকে গ্রেপ্তার করে। আটকের আগে উত্তেজিত জনতা ইউছুফসহ আটক দস্যুদের পিটুনি দেয়। পুলিশ তাৎক্ষণিক জনতার হাত থেকে তাঁদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর আদালতে হাজির করা হলে আদালত উন্নত চিকিৎসার জন্য ইউছুফকে নোয়াখালী জেলা সদরে পাঠানোর নির্দেশ দেন। এরপর গতকাল বেলা পৌনে দুইটার দিকে তাঁকে হাতিয়া থেকে নোয়াখালী সদরে নেওয়ার পথে অবস্থা সংকটাপন্ন দেখে পুলিশ ইউছুফকে সুবর্ণচরের চর জব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইউছুফের বাড়ি হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের দক্ষিণ কালিরচরে।
গণপিটুনিতে আহত জলদস্যুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ময়নাতদন্তের জন্য ইউছুফের লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিষ্কৃতি চাকমা বলেন, নিহত ইউছুফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলাসহ হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তিনি জলদস্যু এমরান বাহিনীর সদস্য ছিলেন।
এদিকে হাতিয়া উপকূলীয় এলাকার জলদস্যু নির্মূলে অপারেশন হাতিয়া অব্যাহত থাকলেও গত দুই দিনে নতুন কোনো জলদস্যু আটক হয়নি বলে জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল থেকে অপারেশন হাতিয়া শুরু করে জেলা পুলিশের একাধিক দল। অভিযানে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক জলদস্যু বাহিনী প্রধান এবং গণপিটুনিতে আরেক বাহিনীর প্রধানসহ ছয়জন জলদস্যু মারা গেছে।