গণপিটুনিতে এক ব্যক্তি নিহত
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় আনারকলি রোডে গত বৃহস্পতিবার রাতে খানবাবু (২৭) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি টঙ্গীর ভরান এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে টঙ্গী বাজারের খালপাড় রোডে বাবুর নেতৃত্বে একদল ছিনতাইকারী এক ব্যবসায়ীর পথ রোধ করে লুটপাটের চেষ্টা চালায়। এতে বাধা দিলে খানবাবু ওই ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মুঠোফোন ও টাকা লুটে নেন। এ সময় ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। আনারকলি রোডে খানবাবুকে আটক করে পিটুনি দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা খানবাবুকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর মর্গে পাঠানো হয়।
এদিকে গতকাল শুক্রবার বেলা দেড়টায় টঙ্গীর মরকুন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি গুলিভর্তি ম্যাগাজিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সামাদ হোসেন ওরফে সামু (৩২), মাইজুদ্দিন (৩০) ও কামরুল হাসান ওরফে টিটু (৩৩)। তাঁরা সবাই মরকুন এলাকার বাসিন্দা।
টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বিকেলে জানান, তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।