গণপিটুনিতে এক 'দস্যু'র মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনসংলগ্ন পশ্চিম ঢাংমারী এলাকা থেকে বনদস্যু রাঙ্গা বাহিনীর পাঁচ সদস্যকে আটক করে পিটুনি দিয়েছে লোকজন। গতকাল বুধবার সন্ধ্যায় খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অন্য চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
মৃত ব্যক্তির নাম মামুন (২৮)। তাঁর বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা গ্রামে। আটক অন্য চারজন হলেন একই গ্রামের হান্নান (৩০), রামপালের মো. তরিকুল (২৯) ও শফিক শেখ (৩১) এবং দাকোপ উপজেলার আবুল শেখ (৩৮)।
মংলা কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মোজহিদুর রহমান বলেন, মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু রাঙ্গা বাহিনীর তিন সদস্যকে ঢাংমারী এলাকা থেকে আটক করে পিটুনি দেয় এলাকাবাসী। পরে তাদের দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ওই তিনজনের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল সকালে একই বাহিনীর সদস্য মামুন ও হান্নানকে দেশীয় তৈরি একটি পাইপ গানসহ আটক করে গ্রামবাসী। তাদেরও বেধড়ক পিটিয়ে কোস্টগার্ডকে খবর দেয়। পরে তাদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, আটক দস্যুদের দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দস্যু মামুনের মৃত্যু হয়।