গণপিটুনিতে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার টিপরদী মহল্লার একটি বাসায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হয়। ডাকাতি শেষে পালানোর সময় এলাকাবাসী এক যুবককে আটক করে পিটুনি দিলে তাঁর মৃত্যু হয়।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ১০-১২ জন সশস্ত্র ডাকাত পৌরসভার টিপরদীতে তাঁদের তিনতলা বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির কলাপসিবল গেট ভেঙে দোতলায় উঠে একটি ফ্ল্যাটের দরজা ভাঙে। ডাকাতেরা তাঁর ছোট ভাই তোফাজ্জল হোসেনসহ পরিবারের সদস্যদের অস্ত্র দেখিয়ে জিম্মি করে ঘরের বিভিন্ন আসবাব ভাঙচুর ও তছনছ করে। পরে ডাকাতেরা আলমারিতে থাকা ১০ লাখ ১১ হাজার টাকা ও ৩৮ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। তাঁরা দ্রুত মসজিদের মাইকে ডাকাত আসার খবর প্রচার করেন। এলাকাবাসী ডাকাতদের ধাওয়া দিয়ে একজনকে আটক করে পিটুনি দেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান জানান, আহত ডাকাতকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।